নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল৷৷ করোনা ভাইরাসের ভয়াবহতায় বাসন্তী মায়ের যাত্রা হল সাদামাটা ভাবেই৷ অন্যান্য বছরের মতো ব্যান্ড বাজিয়ে, শোভাযাত্রা নিয়ে মায়ের মূর্তি বিসর্জন দেওয়ার সুযোগ নেই৷ এবারই প্রথম দুর্গাবাড়িতেই মায়ের মূর্তি বিসর্জন দেওয়ার আয়োজন করা হয়েছে৷ শুক্রবার এ-কথা জানালেন দুর্গাবাড়ি মন্দিরের সহ-পুরোহিত৷
এদিন তিনি বলেন, আজ মহা দশমী৷ বাসন্তী পূজা আজ সমাপ্ত হবে৷ মা-কে আজ আমরা বিদায় জানাবো৷ তাঁর কথায়, ইতিমধ্যেই নারায়ণ যাত্রা হয়ে গেছে৷ চণ্ডীবাড়িতে ঘট চলে গেছে৷ সন্ধ্যায় দশমী হবে৷ তখনই মায়ের যাত্রা হবে৷ তিনি বলেন, এখন সারা দেশেই করোনা ভাইরাসের মারাত্মক প্রভাব দেখা যাচ্ছে৷ তাই, এ বছর জাঁকজমক ভাবে মায়ের যাত্রা হবে না৷ তাঁর কথায়, এ বছর প্রথম আমরা দশমীঘাটে মায়ের মূর্তি বিসর্জন দিতে পারছি না৷ তাই, দুর্গাবাড়ি দীঘিতেই মায়ের মূর্তি বিসর্জনের আয়োজন করা হয়েছে৷
তিনি বলেন, অন্যান্য বছর মায়ের যাত্রা উপলক্ষ্যে ব্যান্ড বাজানো হতো, শোভাযাত্রা করে মূর্তি নিয়ে দশমীঘাটে যেতাম আমরা৷ কিন্তু এবার করোনা ভাইরাসের জন্য পশ্চিম ত্রিপুরার জেলাশাসক অনুমতি দেননি৷ তাই, দুর্গাবাড়ি দীঘি-তেই বিসর্জনের আয়োজন করা হয়েছে৷


















