News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি’র নাম বদলে টিটিসি মিলবে না সরাসরি অর্থ
Image

এডিসি’র নাম বদলে টিটিসি মিলবে না সরাসরি অর্থ

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লি, ৫ মার্চ৷৷ এডিসিকে সরাসরি অর্থ প্রদান করা হবে না৷ সংবিধান সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির রিপোর্টে এডিসিকে সরাসরি অর্থ প্রদানের সুপারিশ করা হয়নি৷ আজ লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটি সংবিধানের ১২৫তম সংশোধনীর জন্য রিপোর্ট জমা দিয়েছে৷ তাতে, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-এর নাম বদলে তিপ্রা আঞ্চলিক পরিষদ অর্থাৎ তিপ্রা টেরিটোরিয়াল কাউন্সিল (টিটিসি)-র সুপারিশ করেছে ওই কমিটি৷ শুধু তা-ই নয়, আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবেও সম্মতি রয়েছে কমিটির৷ তাই, আসন সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার সুপারিশ করা হয়েছে৷ তবে, টিটিসি-কে সরাসরি অর্থ বরাদ্দ করা হবে না৷ বর্তমান নিয়ম অনুযায়ী ত্রিপুরা সরকারের মাধ্যমেই অর্থ যাবে টিটিসি-র হাতে৷


প্রসঙ্গত, রাজ্য বিধানসভায় এডিসির আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাব গৃহীত হয়েছে৷ রাজ্য সরকার এডিসির আসন ৩০ থেকে বেড়ে ৫০ হোক চাইছে৷ তার মধ্যে ৪৪টি আসনে নির্বাচন হবে৷ রাজ্যপাল মনোনিত প্রতিনিধি থাকবেন ছয়জন৷


সংসদীয় কমিটি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মতামত সংগ্রহ করেছিল৷ মূলতঃ এডিসির অধিক ক্ষমতায়নে সংবিধান সংশোধনের তাগিদেই সংসদীয় কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল৷ ওই কমিটি উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের জনজাতি নেতা ও জনজাতি ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে বৈঠক করেছে৷ রাজ্য থেকে আইপিএফটি সহ একাধিক উপজাতি দল ও সংগঠন সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিয়েছে এবং মতামত পেশ করেছে৷


বৃহস্পতিবার লোকসভায় রাজ্যসভায় বিরোধী উপনেতা আনন্দ শর্মার নেতৃত্বে গঠিত স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সংসদীয় কমিটি রিপোর্ট জমা দিয়েছে৷ তাতে, টিটিএএডিসি-র নাম বদলে টিটিসি করার সুপারিশ করা হয়েছে৷ পাশাপাশি, আঞ্চলিক পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধির সুপারিশ করেছে কমিটি৷ পরিষদের সদস্য সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ৫০ করার সুপারিশের সাথে কেন্দ্রীয় সরকারকে ত্রিপুরা সরকারের সাথেও আলোচনা করার পরামর্শ দিয়েছে কমিটি৷
কমিটির বক্তব্য, আসন বৃদ্ধির ক্ষেত্রে নির্দিষ্ট প্রথা থাকতে হবে৷ যেমন খুশি আসন সংখ্যা বাড়ানো বা কামানো উচিত হবে না৷ এতে সমস্যা হতে পারে৷


এদিকে, পঞ্চায়েতিরাজ ব্যবস্থার কাঠামো আঞ্চলিক পরিষদেও যুক্ত করার সুপারিশ করেছে ওই কমিটি৷ এডিসি-তে এখন পঞ্চায়েতিরাজ ব্যবস্থার ধাঁচে কোনও কাঠামো নেই৷ সংবিধান সংশোধনের মাধ্যমে এই ব্যবস্থা যুক্ত করার সুপারিশ করেছে রাজ্যসভার উপনেতা আনন্দ শর্মার নেতৃত্বে গঠিত কমিটি৷ কমিটি আজ লোকসভায় সংবিধানের ১২৫-তম সংশোধনী বিল শীর্ষক রিপোর্ট জমা দিয়েছে৷
এডিসি’র অধিক ক্ষমতায়নে অন্যতম প্রধান দাবী সরাসরি অর্থ প্রদান করা৷ কিন্তু, সংসদীয় কমিটির রিপোর্টে এডিসিকে সরাসরি অর্থ প্রদানের সুপারিশ করা হয়নি৷ কারণ অর্থ কমিশনের মঞ্জুরি মিলেনি৷ এই বিষয়ে অর্থ কমিশনের যুক্তি চলমান পদ্ধতিতেই এডিসিকে অর্থ বরাদ্দ করা সঙ্গত৷ তাতে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে৷


ধারণা করা হচ্ছে, বাজেট অধিবেশনেই কেন্দ্রীয় সরকার এই বিল পাশ করে নেবে৷ ফলে এডিসি নির্বাচনের আগেই স্বশাসিত জেলা পরিষদ বদলে হয়ে যাবে আঞ্চলিক পরিষদ৷ তবে সদস্য সংখ্যা বৃদ্ধি সম্ভবত এখনই হচ্ছে না৷ কারণ, সদস্য সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top