নগদ চার লক্ষ টাকাসহ গ্রেপ্তার ২ নেশা পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ ডিসেম্বর৷৷ ইয়াবা টেবলেট সহ নগদ চার লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷ সেই সাথে আটক করা হয়েছে একটি বুলেরো গাড়ী৷ গ্রেপ্তার করা হয়েছে দুই নেশা পাচারকারীকে৷ ঘটনা বিশালগড় বাজারে৷ পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে নেশা পাচারচক্রের আরও কয়েকজনের নামধাম জানতে পেরেছে৷


সংবাদে প্রকাশ, রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ বাজারে থামানো অবস্থায় থাকা টিআর-০৩-এন-০৭১৩ নম্বরের একটি বুলেরো গাড়িতে তল্লাসী চালায়৷ তল্লাসী চালিয়ে ১০৮ টি নেশার ইয়াবা টেবলেট বাজেয়াপ্ত করা হয়৷ গাড়িতে থাকা রঘুনাথপুরের বাসিন্দা একসাদ খান (২০) এবং লক্ষ্মীবিলের আবুল হোসেন (২৫) কে আটক করেছে৷ এই ব্যাপারে বিশালগড় থানায় একটি মামলা নেওয়া হয়েছে৷ মামলার নম্বর ১২৯/১৯৷ পুলিশ ধৃতদের আগামীকাল আদালতে সোপর্দ করবে বলে থানা সূত্রে জানা গিয়েছে৷