News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন, ভেবে দেখার আশ্বাস কেন্দ্রের

ব্রু শরণার্থীদের রাজ্যে পুনর্বাসন, ভেবে দেখার আশ্বাস কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ ত্রিপুরায় আশ্রিত ব্রু শরণার্থীদের ১৭১ পরিবারের ৮৪৪ জন মিজোরামে ফিরে গেছেন৷ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের জন্য আগামীকাল রবিবার থেকে ফের বন্ধ হয়ে যাবে রেশন সামগ্রী সরবরাহ৷ ফলে নতুন করে জটিলতা দেখা দেবে৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন৷ মিজোরামে ফিরে যাওয়ার শর্তে মঞ্জুর প্যাকেজ তাদেরকে ত্রিপুরায়ও প্রদানের বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন৷ কারণ, ত্রিপুরায় ব্রু শরণার্থীর একাংশকে ত্রিপুরায় স্থায়ী পুনর্বাসনের প্রস্তাব দিয়েছে৷


দিল্লি থেকে টেলিফোনে সাংসদ রেবতিকুমার ত্রিপুরা জানিয়েছেন, ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দল এবং এনজিও-দের প্রতিনিধিদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আলোচনায় ব্রু শরণার্থীদের বিষয়টিও চর্চা হয়েছে৷ ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন৷ এ-বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আপত্তি নেই বলে আস্বস্ত করেছেন৷ ফলে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার নতুনভাবে চিন্তাভাবনা করবে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় স্পষ্ট হয়ে গেছে৷


প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ত্রিপুরা সরকার ৪০০-৫০০ ব্রু শরণার্থী পরিবারকে ত্রিপুরায় পুনর্বাসনের প্রস্তাব পাঠিয়েছে৷ মিজোরামে প্রত্যাবর্তনে ব্রু শরণার্থীদের জন্য মঞ্জুর প্যাকেজ ত্রিপুরায় পুনর্বাসনের ক্ষেত্রেও বরাদ্দ করা হোক, সেই প্রস্তাবও দিয়েছে ত্রিপুরা সরকার৷ কিন্তু, জমি নিয়ে জটিলতা রয়েছে, তা অস্বীকার করার উপায় নেই বলে জানিয়েছেন সাংসদ রেবতি ত্রিপুরা৷


তিনি বলেন, ব্রু শরণার্থীদের জোর করে মিজোরামে প্রত্যাবর্তন অনুচিত হবে বলে দাবি করেছেন প্রদ্যুৎ কিশোর৷ তিনি চাইছেন ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসন দেওয়া হোক৷ আইএনপিটি-র সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মাও একই সুরে ব্রু শরণার্থীদের জন্য সওয়াল করেছেন৷ তাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন৷ রেবতি ত্রিপুরা বলেন, ব্রু শরণার্থীদের ত্রিপুরায় পুনর্বাসনের বিষয়ে মিজোরাম সরকারের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন৷ শুধু তা-ই নয়, ব্রু শরণার্থীদের কাছ থেকেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ত্রিপুরায় স্থায়ী বসবাসের বিষয়ে মতামত সংগ্রহ করবে৷ তিনি জানান, শরণার্থী সমস্যা নিয়ে মিজোরাম সরকার এবং ব্রু শরণার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন৷


তবে, জমি নিয়ে জটিলতার কীভাবে অবসান হবে সে-বিষয়ে সুস্পষ্ট রূপরেখা এখনও স্থির হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এ-বিষয়ে কোনও দিশা দেখাননি৷ ফলে, এই জটিলতার অবসান কীভাবে সম্ভব হবে, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, বলেন রেবতি ত্রিপুরা৷ অবশ্য, ব্রু শরণার্থী প্রত্যাবর্তনের প্রবণতা দেখে স্পষ্ট, তাঁরা মিজোরামে ফিরে যেতে আগ্রহী নন৷ ৩ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত স্থির হয়েছিল ব্রু শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হবে৷ সরকারি তথ্য অনুযায়ী, পানিসাগরের শিবির থেকে ৬১ পরিবারের ২৪৩ জন এবং কাঞ্চনপুর শিবির থেকে ১১০ পরিবারের ৬০১ জন ব্রু শরণার্থী মিজোরামে ফিরে গেছেন৷ সে-ক্ষেত্রে ব্রু শরণার্থীদের বড় অংশ এখনও ত্রিপুরায় আশ্রিত৷


এদিকে, সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল থেকে ফের ব্রু শরণার্থীদের রেশন সামগ্রী সরবরাহ বন্ধ হয়ে যাবে৷ কারণ, আন্দোলনের জেরে ত্রিপুরা সরকার নিজের কোষাগার থেকে তাদের জন্য রেশন সামগ্রী ৩০ নভেম্বর পর্যন্ত সরবরাহে মঞ্জুর করেছিল৷ এ-বিষয়ে কাঞ্চনপুরের মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য বলেন, আজ পর্যন্ত ব্রু শরণার্থীদের রেশন সরবরাহের নির্দেশ ছিল৷ স্বাভাবিকভাবেই কাল থেকে তাদের জন্য রেশন সরবরাহ বন্ধ হয়ে যাবে৷ তিনি বলেন, এখন পর্যন্ত নতুন কোনও নির্দেশনা আসেনি৷ ফলে, আগামীকাল থেকে আবারও জটিলতা দেখা দিতে পারে, অনুমান করছেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top