নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরীর ভাগ্য নির্ধারনে বুধবার আদালতে শুনানি হবে৷ তাঁর জামিন মঞ্জুর হবে নাকি আদালতের নির্দেশে তাঁকে জেলে যেতে হবে তা আগামীকাল স্পষ্ট হয়ে যাবে৷ এদিকে, পূর্ত দপ্তরে ৬০০ কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিককে আরও এক দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ অন্যদিকে, ওই মামলায় অভিযুক্ত পূর্ত দপ্তরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিব ওয়াই পি সিংহের জামিনের আবেদন খারিজ করে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ৷ সম্ভবত, শীঘ্রই তাকে গ্রেফতার করতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে রাজ্য পুলিশ৷

একদিনে জেলা হেপাজত শেষে আজ পুনরায় পুর্ত দপ্তরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ সুনীল ভৌমিককে আদালতে তোলা হয়েছিল৷ ওই মামলায় আগামীকাল চুড়ান্ত রায় দেবে আদালত৷ আজ আদালতে সুনীল ভৌমিককে নিয়ে শুনানি সম্পন্ন হয়েছে৷ আদালত আগামীকাল পর্যন্ত রায় স্থগিত রেখেছে৷ আগামীকাল প্রাক্তন পূর্ত মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী জামিনের আবেদনের চূড়ান্ত শুনানি হবে৷ আদালত ১৬ অক্টোবর পর্যন্ত বাদল চৌধুরীর অন্তবর্তী জামিন মঞ্জুর করেছিল৷ ফলে, আগামীকাল বাদল চৌধুরীর ভবিষ্যৎ নির্ধারিত হবে৷
পূর্ত দপ্তরের ৬০০ কোটি টাকা দুর্নীতির মামলায় ভিজিল্যান্স ক্রাইম ব্রাঞ্চের হাতে মামলা তুলে দিয়েছে৷ গত রবিবার প্রাক্তন পূর্তমন্ত্রী, পূর্ত দপ্তরের প্রাক্তন ইঞ্জিনিয়ার ইন চিফ এবং পূর্ত দপ্তরের প্রাক্তন প্রধান সচিব তথা প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে৷ ওই মামলায় পুলিশ প্রাক্তন পূর্ত কর্তাকে গ্রেপ্তার করলেও প্রাক্তন পূর্ত মন্ত্রীকে নিয়ে সোমবার দিনভর নাটক মঞ্চস্থ হয়েছে৷ সিপিএম সদর কার্যালয়ে গিয়ে পুলিশ রীতিমত আত্মসর্ম্পণ করেছে৷ শুধু তাই নয়, অন্তবর্তীকালীন জামিন পাওয়ার পর রাতে পশ্চিম আগরতলা থানায় বাদল চৌধুরীর বেল বন্ড জমা দেওয়া নিয়েও আরও একপ্রস্থ নাটক মঞ্চস্থ হয়েছে৷ পুলিশ বাদল চৌধুরীর বেল বন্ড জমা রাখেনি৷ স্বাভাবিক ভাবেই, পুরো ঘটনাটি রহস্যজনক বলেও মনে করা হচ্ছে৷ ফলে, বুধবার আদালতে কি রায় বের হবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে৷

