News Flash

  • Home
  • Uncategorized
  • হাইকোর্টেও নিরাশ চাকরিচ্যুত শিক্ষকরা
Image

হাইকোর্টেও নিরাশ চাকরিচ্যুত শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ উচ্চ আদালতেও নিরাশ হয়ে ফিরলেন ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক৷ তাঁরা ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত অ্যাডহক শিক্ষক হিসেবেই নিযুক্ত থাকবেন৷ এর পর তাঁদের চাকরি থাকছে না৷ বৃহস্পতিবার ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে চাকরিচ্যুত শিক্ষকদের জীবনে অন্ধকার নেমে আসবে, তা নিশ্চিত হয়ে গেছে৷


পাঁচ বছর ধরে ওই শিক্ষকদের নিয়ে টানাপোড়েন চলছে৷ ২০১৪ সালে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি দীপক গুপ্তা শিক্ষক নিয়োগে প্রক্রিয়া বাতিল করে দিয়েছিলেন৷ কারণ, চাকরিতে বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ এনে শিক্ষক নিয়োগে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে জনৈক তন্ময় নাথ ও অন্যান্যরা মামলা করেছিলেন৷ ওই মামলায় উচ্চ আদালত অস্নাতক, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক নিয়োগে ১০,৩২৩ শিক্ষকের চাকরি বাতিল করেছিল৷ নিয়োগ নীতিতে গলদ রয়েছে, এই কথা বলে আদালত নতুন নিয়োগ নীতি প্রণয়নের নির্দেশ দিয়েছিল৷


এর পর ত্রিপুরা সরকার ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল৷ কিন্তু সুপ্রিম কোর্ট ত্রিপুরা হাইকোর্টের রায়ই বহাল রাখে৷ তবে, ত্রিপুরা সরকারের আবেদনে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত তাদের অ্যাডহক ভিত্তিতে চাকরিতে বহাল রাখার সুযোগ দেয় সুপ্রিম কোর্ট৷ সাথে স্পষ্ট জানিয়ে দেয়, এই রায়ের পরিপ্রেক্ষিতে আর কোনও আবেদন করা যাবে না৷


এরই মধ্যে চাকরিচ্যুত শিক্ষকরা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন৷ কিন্তু সুপ্রিমকোর্ট তাঁদের আবেদন শুনতে রাজি হয়নি৷ মূলত, ত্রিপুরা হাইকোর্টের রায়ের অনুচ্ছেদ ১২৬ নিয়ে যাঁরা মামলায় পক্ষভুক্ত হয়েছেন কেবলমাত্র তাঁদের চাকরি বাতিল হয়েছে, বাকিদের চাকরি সুরক্ষিত রয়েছে, এ-বিষয়ে চাকরিচ্যুত শিক্ষকদের একাংশ মামলা করেন৷ কিন্তু সুপ্রিমকোর্ট তাঁদের ফিরিয়ে দেওয়ায় তাঁরা হাইকোর্টের দ্বারস্থ হন৷ কিন্তু দীর্ঘ শুনানি শেষে আজ ত্রিপুরা উচ্চ আদালতের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের রায় বহাল রাখেন এবং তাঁদের আবেদন খারিজ করে দেন৷ শুধু তা-ই নয়, ত্রিপুরা সরকার সুপ্রিম কোর্টের আদেশ পালনে বাধ্য সে-কথাও বেঞ্চ মনে করিয়ে দিয়েছে৷


উচ্চ আদালত রায়ে বলেছে, সুপ্রিমকোর্ট এ সংক্রান্ত মামলায় এই সিদ্ধান্ত দিয়ে ফেলেছে৷ সেক্ষেত্রে নতুন করে কোন রায় দেওয়ার এক্তিয়ার নেই উচ্চ আদালতের৷ আদালত আরও বলেছে, সুপ্রিমকোর্টের রায়ের ভিত্তিতে এখন কেবলমাত্র রাজ্য সরকার এ বিষয়ে ভাবতে পারবে৷ সাথে আদালত আরও বলেছে, রাজ্য সরকারের উচিত সুপ্রিমকোর্টের রায় কার্যকর করা৷ কারণ, সংবিধান মেনে রাজ্য সরকার সুপ্রিমকোর্টের রায় মানতে বাধ্য৷ পাশাপাশি, আদালত স্পষ্ট করে দিয়েছে এই রায়ের রিভিউ করার ব্যাপারে এখন আর কোনও এক্তিয়ার নেই মামলাকারীদের৷ তাতে স্পষ্ট, ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষকদের অ্যাডহক ভিত্তিতে শিক্ষকতার মেয়াদ সমাপ্ত হতেই তাদের কালো মেঘের ছায়া দেখা দেবে৷


এ-বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে৷ তাই, তাঁদের জন্য আইন মেনে কিছু করা যায় কিনা সেই চেষ্টা চলছে৷ তবে, ওই কাজ খুব কঠিন৷ ফলে, তাঁদের জন্য কিছু করা কতটা সম্ভব হবে তা বলা মুশকিল৷ তাঁর দাবি, ত্রিপুরা সরকার তাঁদের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top