News Flash

  • Home
  • Uncategorized
  • শক্তি পরীক্ষায় উত্তীর্ণ, ২০ জন বিধায়কের সমর্থনে আস্থা ভোটে জয়ী প্রমোদ সাওয়ান্ত
Image

শক্তি পরীক্ষায় উত্তীর্ণ, ২০ জন বিধায়কের সমর্থনে আস্থা ভোটে জয়ী প্রমোদ সাওয়ান্ত

পানাজি, ২০ মার্চ (হি.স.): শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত| বুধবার দুপুরে ৪০ সদস্যের গোয়া বিধানসভায় আস্থা ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ২০ জন বিধায়ক প্রমোদ সাওয়ান্তকে সমর্থন জানান| এরপরই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের লড়াইতে জিতে যান প্রমোদ সাওয়ান্ত| গোয়া বিধানসভার আস্থাভোটে প্রমোদ সাওয়ান্তের স্বপক্ষে ভোট দিয়েছেন ২০ জন বিধায়ক (১১ জন বিজেপি বিধায়ক, ৩ জন মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টির বিধায়ক, ৩ জন গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক এবং ৩ জন নির্দল বিধায়ক)| অন্যদিকে, বিপক্ষে ভোট দিয়েছেন ১৪ জন কংগ্রেস বিধায়ক এবং একজন এনসিপি বিধায়ক| প্রসঙ্গত, ৪০ সদস্যের গোয়া বিধানসভায় দুই বিধায়কের মৃত্যু এবং দুই কংগ্রেস বিধায়কের দলত্যাগ করার কারণে এখন বিধায়কের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৬|

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত রবিবার প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর| পারিক্করের মৃত্যুর পরই গোয়ার রাজনৈতিক সঙ্কট দেখা দেয়| বৃহত্তম দল হিসেবে সরকার গঠনের দাবি তোলে কংগ্রেস| রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গেও দেখা করে কংগ্রেস নেতৃত্ব| পরিস্থিতি সামাল দিতে শরিক এবং নির্দল বিধায়কদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব| মনোহর পারিক্করের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় গোয়া বিধানসভার স্পিকার প্রমোদ সাওয়ান্তকে| মঙ্গলবার ভোররাত দু’টো নাগাদ গোয়ার ত্রয়োদশতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ৪৬ বছর বয়সি প্রমোদ সাওয়ান্ত| একইসঙ্গে প্রমোদ সাওয়ান্ত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথগ্রহণ করেন ১১ জন বিধায়ক| তাঁদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পার্টি (এমজিপি)-র বিধায়ক সুদিন ধভলিকার, গোয়া ফরওয়ার্ড পার্টি (জিএফপি)-র প্রধান বিজয়ী সরদেশাই, এমজিপি-র মনোহর অজগোয়াঙ্কার, বিজেপির মৌভিন গোডিনহ, বিশ্বজিত্ রাণে, মিলিন্দ নায়েক এবং নীলেশ কাবরাল| এছাড়াও গোয়া ফরওয়ার্ড পার্টির বিধায়ক বিনোদ পালেয়াকার এবং জয়েশ সালগোয়াঙ্কার এবং নির্দল বিধায়ক রোহন খাউন্তে এবং গোবিন্দ| আস্থাভোটে জয়ী হওয়ার প্রয়োজনীয়তা ছিল প্রমোদের, বুধবার শক্তিপরীক্ষাতেও উত্তীর্ণ হলেন প্রমোদ সাওয়ান্ত|

প্রসঙ্গত, উত্তর গোয়ার সাঙ্কেলিম বিধানসভা কেন্দ্র থেকে ২০১২ এবং ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হন পেশায় আয়ুর্বেদ চিকিত্সক প্রমোদ| মহারাষ্ট্রের গঙ্গা এডুকেশনাল সোসাইটি আয়ুর্বেদ মেডিক্যাল কলেজের এই প্রাক্তনী পরে তিলক মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রিও পেয়েছেন| প্রমোদের স্ত্রী সুলক্ষণা বিজেপির মহিলা সংগঠন অখিল ভারতীয় মহিলা মোর্চার গোয়া শাখার সভানেত্রী| তিনি পেশায় স্কুল শিক্ষিকা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top