News Flash

  • Home
  • Uncategorized
  • রোজগার মানেই শুধু সরকারী চাকুরী নয়, স্বনির্ভরতার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর
Image

রোজগার মানেই শুধু সরকারী চাকুরী নয়, স্বনির্ভরতার পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ রোজগার মানেই কি শুধু সরকারী চাকুরী? এই প্রশ্ণ তুলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দাবি, স্বনির্ভরতাই হচ্ছে রোজগারের প্রকৃত অর্থ৷ তাঁর কথায়, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের কর্মহীন বেকারদের কর্মসংস্থানের জন্য বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণ করার জন্য কাজ করে চলেছে৷ সরকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবছে এবং ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নেয়া শুরু করেছে৷ বুধবার বিধানসভায় বিধায়ক রঞ্জিত দাসের উল্লেখপর্বে জরুরী জনস্বার্থে আনা একটি নোটিসের জবাবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা জানিয়েছেন৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, আগে বুঝতে হবে রোজগারের সংজ্ঞা কী৷ সাথে জানতে চেয়েছেন, রোজগার মানেই কী শুধু সরকারি চাকুরী? তাঁর কথায়, স্বনির্ভরতাই হচ্ছে রোজগারের প্রকৃত অর্থ৷ সেটা কোন ব্যবসাও হতে পারে আবার চাকুরীও৷ তিনি বিদ্রুপের সুরে বলেন, এক সময় বুঝানো হত রোজগার মানেই হচ্ছে শুধু সরকারি চাকুরী৷ কিন্তু, বাস্তব সত্য হল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান শুধুমাত্র সরকারি দপ্তরগুলিতে চাকুরী দিয়ে করা সম্ভব নয়৷

মুখ্যমন্ত্রীর দাবি, তাদের কর্মসংস্থানের বিষয়টির দিকে লক্ষ্য রেখে মেগা ফুডপার্ক নির্মাণ করা হয়েছে৷ কৃষক সহ সব অংশের বেকাররা এতে উপকৃত হবেন৷ চলতি বছরে ৮২০টি নতুন অতি ক্ষুদ্র, ছোট এবং মাঝারী শিল্পের নথিভূক্তকরন করা হয়েছে৷ এতে প্রায় চার হাজার লোকের কর্মসংস্থান হবার সম্ভাবনা রয়েছে৷ তিনি জানান, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনায় ২০১৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৪৬৯৮ জন গ্রামীণ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এর মধ্যে ১৫৩৪ জন সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান পেতে সক্ষম হয়েছে৷ তিনি বলেন, ২৯তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা ২০১৯-র সাফল্য প্রমাণ করে রাজ্যের প্রতি বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ৷ গত বছর এই মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীর সংখ্যা যেখানে ছিল ৯৫ জন সেখানে এ বছর অংশগ্রহণকারী ব্যবসায়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জন৷ গতবছর যেখানে ৬০ লক্ষ টাকার মত পণ্য সামগ্রী বিক্রি হয়েছিল সেখানে এ বছর বিক্রি হয়েছে ৩ কোটি ১৬ লক্ষ টাকার সামগ্রী৷ এই পরিসংখ্যান থেকেই বুঝা যাচ্ছে স্বরোজগারের দিকে ত্রিপুরা ঝুকছে৷

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সরকারি ক্ষেত্রে স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে একটি নতুন নিয়োগনীতি তৈরী করেছে৷ সরকারি সমস্ত নিয়োগ হবে মেধার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে৷ নিয়োগ প্রক্রিয়ায় স্বজন পোষণ ও দুর্নীতি দূর করতেই তৈরী হয়েছে এই নতুন নিয়োগনীতি৷ এতে রাজ্যের সমস্ত যুবক-যুবতীরা লাভবান হবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷ সাথে যোগ করেন, ইতিমধ্যে টিচার্স রিক্রটমেন্ট বোর্ড টিচার্স এলিজিবিলিটি টেষ্টের মাধ্যমে ৯৮৩ জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করেছে৷

অন্যান্য দপ্তরগুলিও প্রয়োজন অনুযায়ী নিয়োগ করার লক্ষ্যে কাজ করছে৷ মুখ্যমন্ত্রীর কথায়, ২০১৮-১৯ বছরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যে ২টি নতুন ইণ্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ন গড়ার অনুমোদন দিয়েছে৷ এর সাথে সঙ্গতি রেখে রাজ্য সরকার ২টি নতুন আই আর ব্যাটেলিয়ন গঠনে রিক্রটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগের জন্য ২০১৪টি পদ সৃষ্টি করেছে৷ নিয়োগ প্রক্রিয়া শীঘই শুরু হবে৷

মুখ্যমন্ত্রী বলেন, একদিকে যেমন স্ব-রোজগারের ব্যবস্থা করা হচ্ছে অন্যদিকে তেমনি সরকারি চাকুরীও দেওয়া হবে৷ তাঁর বক্তব্য, ভিশন ডকুমেন্ট ৫ বছরের জন্য তৈরী হয়েছে এটা মনে রাখা উচিৎ৷ মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, রোজগার মানে শুধু সরকারি চাকুরী নয়, এই মানসিকতাই গড়ে তুলতে হবে৷ অর্থের সংস্থান হলে সরকারি চাকুরীরও ব্যবস্থা হবে৷

মুখ্যমন্ত্রী মনে করেন, পর্যটন হচ্ছে এমন একটি ক্ষেত্র যেখানে খুব অল্প সময়ের মধ্যে রোজগারের ব্যবস্থা করা যায়৷ তাই রাজ্য সরকার বিশেষত ধর্মীয় পর্যটন, হেরিটেজ ট্যুরিজম, ইকো-ট্যুরিজম ইত্যাদির বিকাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে৷ সাথে যোগ করেন, পর্যটনের প্রসারের দিকে লক্ষ্য রেখে রাস্তার দু’ধারে ফুল, ফল ইত্যাদির গাছ লাগানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এই গাছগুলি রক্ষণাবেক্ষণের জন্য প্রতিটি পরিবারকে মাসে ২০০ টাকা করে দেওয়া হবে৷ এতে একদিকে যেমন এই পরিবারগুলির রোজগারের ব্যবস্থা হবে তেমনি অন্যদিকে পর্যটকরাও আকৃষ্ট হবেন৷

মুখ্যমন্ত্রীর দাবি, উত্তর পূর্বাঞ্চলের আই টি হাব হিসাবে ত্রিপুরাকে গড়ে তোলার লক্ষ্যে সরকার সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ এর মাধ্যমেও রাজ্যে প্রচুর কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হবে৷ তিনি বলেন, রাজ্য সরকারের প্রত্যেকটি সিদ্ধান্ত ত্রিপুরাকে আর্থিকভাবে স্বনির্ভর করার দিকে লক্ষ্য রেখে নেয়া হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top