লখনৌ, ১৭ ডিসেম্বর (হি. স.) : রাফাল নিয়ে কংগ্রেসকে ফের খোঁচা বিজেপির। সোমবার মানব সম্পদ বিকাশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেন, যারা দেশের নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করছে কংগ্রেস তাদের সাথে খেলছে। কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন জাভড়েকর।
কেন্দ্রীয় মানব সম্পদ বিকাশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর সংবাদমাধ্যমকে এদিন জানিয়েছেন, \”রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে খেলছে কংগ্রেস। যারা দেশের নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করছে কংগ্রেস তাদের সাথে হাত মিলিয়েছে। এই পাপের জন্য দেশ ও সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে।\” তিনি আরও অভিযোগ করেন, আগের কংগ্রেস সরকারের আমলে প্রতিরক্ষা বিষয়ক কোনও চুক্তিই মধ্যস্থতাকারী ছাড়া করা হয়নি। সেই কারণেই রাফাল চুক্তিতে কোনও মধ্যস্থতাকারী না থাকায় কংগ্রেস এই চুক্তি সমর্থন করেনি বলেও দাবি করেছেন জাভড়েকর। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের ক্লিনচিটের পর কংগ্রেসের সমস্ত মিথ্যা অভিযোগ সামনে এসেছে। \”রাফাল নিয়ে বিজেপিকে দুষছে কংগ্রেস, যেখানে নিজেরাই দুর্নীতিতে ডুবে রয়েছে। বর্তমান সরকারের আমলে একটিও কেলেঙ্কারির খবর নেই। কংগ্রেসের আসল দুঃখ হল কিভাবে বিজেপি দুর্নীতিমুক্ত সরকার চালাতে পারে !\”, অভিযোগ জাভড়েকরের।


