প্রয়াত বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরুণ ভাদুড়ি, বেলভিউ নার্সিংহোমে জীবনাবসান

কলকাতা, ১৭ ডিসেম্বর (হি.স.): প্রয়াত হলেন বিশিষ্ট ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও বঙ্গবিভূষণ-সহ বিভিন্ন পুরষ্কার প্রাপ্ত পণ্ডিত অরুণ ভাদুড়ি| গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিত্সাধীন ছিলেন তিনি| সোমবার সকাল ৬.৫৫ মিনিট নাগাদ বেলভিউ নার্সিংহোমেই জীবনাবসান হয়েছে তাঁর| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর|
পরিবার ও হাসপাতাল সূত্রের খবর, ফুসফুসে ভয়াবহ সংক্রমণ নিয়ে গত মঙ্গলবার থেকে মিন্টো পার্ক লাগোয়া এই বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রবীণ এই সঙ্গীত শিল্পী| রবিবারই চিকিত্সকরা জানিয়েছিলেন, সঙ্গীত শিল্পীর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্গকটজনক| একাধিক অঙ্গবৈকল্যেরও শিকার ছিলেন সঙ্গীত শিল্পী| এরপর সোমবার সকাল ৬.৫৫ মিনিট নাগাদ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় জীবনাবসান হয়েছে তাঁর| রবিবার হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছিলেন, স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে সঙ্গীত শিল্পীর| সঙ্গে রয়েছে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের মতো অসুখও| চিকিত্সকদের বহু চেষ্টা সত্ত্বেও প্রাণে বাঁচানো সম্ভব হল না বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী অরুণ ভাদুড়িকে| ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি|