মুখ্য খবর

জোলাইবাড়িতে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনে দ্রুত ডিপিআর তৈরি করতে আধিকারিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৯ অক্টোবর: প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের (পিএমজেভিকে) অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়িতে নতুন মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগকে বাস্তবায়িত করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

শান্তিরবাজার জেলা হাসপাতালকে ভিত্তি করে প্রস্তাবিত এই মেডিক্যাল কলেজ স্থাপনের লক্ষ্যে আজ সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত করে জমা দেওয়ার পাশাপাশি যত তাড়াতাড়ি সম্ভব প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।

বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে একটি সচিত্র প্রতিবেদনের মাধ্যমে প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রমের অধীনে প্রস্তাবিত মেডিক্যাল কলেজের পরিকল্পনা, পরিকাঠামোগত প্রয়োজনীয়তা, শান্তিরবাজার জেলা হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। এরপর মুখ্যমন্ত্রী প্রকল্পের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় পরামর্শ দেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, জোলাইবাড়িতে প্রস্তাবিত মেডিক্যাল কলেজকে কেন্দ্র করে জোলাইবাড়ি এলাকাকে একটি সুপরিকল্পিত টাউনশিপের আদলে গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিতে হবে। শুধু মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নির্মাণই নয়, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রস্তাবিত পরিকাঠামোর মধ্যে যোগব্যায়াম কেন্দ্র, অডিটোরিয়াম, ফুটবল মাঠ এবং ইনডোর ব্যাডমিন্টন হলের মতো সুযোগ-সুবিধা রাখার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থী, চিকিৎসক ও অন্যান্য কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত মেডিক্যাল কলেজের পরিকাঠামো এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে তা আধুনিক, কার্যকর এবং বৈজ্ঞানিকভাবে সুপরিকল্পিত হয়। কলেজের শিক্ষাব্যবস্থা, চিকিৎসা পরিষেবার মান, হাসপাতালের পরিকাঠামো এবং রোগীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রতিটি বিষয়কে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

বৈঠকে শান্তিরবাজার জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার পরিধি ও সক্ষমতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী হাসপাতালের পরিষেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনার সঙ্গে বর্তমান হাসপাতালের পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার উন্নয়নকেও সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রস্তাবিত মেডিক্যাল কলেজে প্রতি শিক্ষাবর্ষে ১০০ জন শিক্ষার্থীর পড়াশোনার সুযোগ রাখার পরিকল্পনাও বৈঠকে আলোচনায় উঠে আসে।

জোলাইবাড়িতে মেডিক্যাল কলেজ স্থাপনের এই উদ্যোগ দক্ষিণ ত্রিপুরায় উন্নত চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ এবং চিকিৎসা শিক্ষার সুযোগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রকল্পের পরিকল্পনা, পরিকাঠামো নির্মাণ এবং বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে যথাযথ প্রস্তুতি ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তিনি দ্রুত ডিপিআর জমা দিয়ে পরবর্তী কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী, দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ। তাঁরা প্রস্তাবিত মেডিক্যাল কলেজ স্থাপন এবং সংশ্লিষ্ট পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।