আগরতলা, ৬ অক্টোবর: জিবি হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া একটি বাইক এবং একটি টিভিএস এনটর্ক স্কুটি উদ্ধার করল পুলিশ। উদ্ধার করা দুইটি গাড়িই আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত ২০২৪ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে জিবি হাসপাতাল চত্বর থেকে পৃথকভাবে একটি স্কুটি এবং একটি বাইক চুরি হয়। পরবর্তীতে গাড়ির মালিকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে একটি বাইক বিমানবন্দর থানার এলাকার একটি স্থান থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে, স্কুটিটি জিবি হাসপাতাল সংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া দুইটি গাড়ি মঙ্গলবার তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। চুরির ঘটনায় কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।



















