নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রতিভা, উদ্ভাবন ও ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে ভারত কীভাবে বিশ্বস্তরের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে, সেই বিষয়টি তুলে ধরেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। পাশাপাশি ভারত ও আমেরিকার মধ্যে ব্যবসায়িক অংশীদারিত্ব আরও গভীর করার সম্ভাবনা নিয়েও তিনি আলোচনা করেছেন।
আমেরিকা সফরে গয়াল একাধিক আন্তর্জাতিক সংস্থার শীর্ষকর্তা ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করেন। তিনি এওন-এর সিইও গ্রেগ কেসের সঙ্গে বৈঠক করে ভারতে সংস্থাটির কার্যক্রম এবং আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
কগনিশনের চিফ লিগ্যাল অ্যান্ড গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার পল গ্রেওয়ালের সঙ্গেও বৈঠক করেন গয়াল। ভারতের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের শক্তিশালী ভিত্তি এবং গতিশীল স্টার্টআপ পরিবেশ কীভাবে নতুন প্রজন্মের প্রযুক্তি তৈরি ও প্রয়োগের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করছে, তা তিনি তুলে ধরেন।
শিকাগো, মিশিগান ও ওহাইও-র চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সঙ্গে বৈঠকেও ভারত-মার্কিন অর্থনৈতিক অংশীদারিত্বের ক্রমবর্ধমান সম্ভাবনা নিয়ে আলোচনা করেন গয়াল। তিনি বলেন, সীমান্তপারের কর ব্যবস্থা, নিয়ন্ত্রক বিধি মেনে চলা এবং আর্থিক প্রশাসনের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শিকাগোয় ইউএসআইবিসি আয়োজিত একটি গোলটেবিল বৈঠকেও বক্তব্য রাখেন গয়াল। ভারত ও আমেরিকার স্টার্টআপগুলির মধ্যে বিনিয়োগ, বাণিজ্যিকীকরণ এবং কর্পোরেট অংশীদারিত্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সেখানে আলোচনা হয়।
এছাড়া আর্চার ড্যানিয়েলস মিডল্যান্ডের (এডিএম) চেয়ারম্যান ও সিইও হুয়ান রিকার্ডো লুসিয়ানোর সঙ্গে বৈঠকে ভারতে সংস্থাটির উপস্থিতি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন গয়াল। ভারতের দ্রুত সম্প্রসারিত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, আধুনিক কৃষি-সরবরাহ শৃঙ্খল এবং বৃহৎ ভোক্তা বাজারের কথাও তিনি তুলে ধরেন।



















