অভিজিৎ রায় চৌধুরী
নয়াদিল্লি, ১ অক্টোবর: ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অনলাইন ফর্ম ৬-এ বিতর্কিত পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের কাছে সরাসরি জবাব চাইলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর প্রশ্ন, নির্বাচন কমিশনের কোন আধিকারিক টাটা কনসালটেন্সি সার্ভিসেসকে (টিসিএস) এই পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন এবং সংস্থার পক্ষ থেকে কে তার অনুমোদন দিয়েছিলেন।
বৃহস্পতিবার এক্স-এ এক পোস্টে রাহুল বলেন, কমিশনের ভিতর থেকে যদি এই পরিবর্তন নিয়ে আপত্তি তোলা হয়ে থাকে, তাহলে সিদ্ধান্ত গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়া প্রকাশ করা প্রয়োজন। তিনি জানতে চান, কমিশনের কে টিসিএস-কে নির্দেশ দিয়েছিলেন, টিসিএস-এর কে পরিবর্তনটি অনুমোদন করেছিলেন এবং সংস্থাটির উপর তা কার্যকর করার জন্য কোনও চাপ ছিল কি না।
বিতর্কের কেন্দ্রে রয়েছে অনলাইন ফর্ম ৬-এ এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত একটি অতিরিক্ত ঘোষণাপত্র যুক্ত করার বিষয়টি। নতুন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত ফর্মটির অনলাইন সংস্করণে এই অতিরিক্ত তথ্য চাওয়া হয়েছিল।
এই পরিবর্তন নিয়ে নির্বাচন কমিশনের ভিতরেও আপত্তি উঠেছিল বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনার বিবেক জোশি এবং সুখবীর সিং সান্ধু বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিলেন। সান্ধু এই পরিবর্তনকে ‘অনুমোদনহীন এবং বেআইনি’ বলে উল্লেখ করেছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, বিধিবদ্ধ ফর্ম ৬-এ কোনও পরিবর্তন করা হয়নি। এসআইআর-এর প্রয়োজনে অনলাইন আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছিল বলে কমিশনের বক্তব্য।
এই ব্যাখ্যার পরও রাহুলের প্রশ্ন, অতিরিক্ত ঘোষণাপত্রটি যদি কমিশনের অনুমোদিত প্রক্রিয়ার অংশ হয়ে থাকে, তাহলে সেটি অনলাইন ব্যবস্থায় যুক্ত করার নির্দেশ কে দিয়েছিলেন। সেই নির্দেশের লিখিত নথি কোথায় এবং তা কে অনুমোদন করেছিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
রাহুলের দাবি, বিষয়টি শুধু একটি অনলাইন ফর্মে প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়। ভোটার নিবন্ধন ব্যবস্থায় কে সিদ্ধান্ত নিয়েছেন, কোন প্রক্রিয়ায় সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং তার জন্য কার অনুমোদন ছিল, সেই তথ্য প্রকাশ্যে আসা প্রয়োজন।



















