বিশালগড়, ২৮ সেপ্টেম্বর: বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই মোবাইল ফোনে চুরি হওয়া সোনার গয়নার ছবি বা ভিডিওর ফুটেজ রয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
জানা গিয়েছে, কিছুদিন আগে বিশালগড়ের নেতাজিনগর এলাকার বাসিন্দা শেফালী দাসের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর রবিবার গভীর রাতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সোমবার দুপুরে ধৃতদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বাবুল দাস ঘটনার বিস্তারিত বিবরণ দেন। তিনি জানান, চুরির ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার নেপথ্যে থাকা মূল অভিযুক্ত তথা মাস্টারমাইন্ডকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি, চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।
চুরির ঘটনায় পাঁচজনের গ্রেফতারির পর তদন্তে নতুন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। উদ্ধার হওয়া মোবাইল ফোনের ফুটেজ খতিয়ে দেখে চুরি হওয়া সামগ্রী উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত বাকিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।



















