আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে সংগঠনটি। কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন এবং সেখানে কর্মরত সাংবাদিকদের সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ শনিবার এক বিবৃতিতে জানান, গত ৩০ আগস্ট তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্যের ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিবকে এবং সদস্য সচিব করা হয়েছে দপ্তরের অধিকর্তাকে। এছাড়া রয়েছেন আরও নয়জন সদস্য। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে দুই বছর।
সুনীল দেবনাথের অভিযোগ, ত্রিপুরার সবচেয়ে পুরনো ও বৃহত্তর সাংবাদিক সংগঠনগুলির অন্যতম ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধিকে এবারও কমিটিতে রাখা হয়নি। তাঁর দাবি, এই ধরনের কমিটি গঠনের ক্ষেত্রে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার আদর্শ নির্দেশিকা অনুসরণ করা উচিত। কিন্তু বর্তমান কমিটি গঠনের ক্ষেত্রে সেই নীতির যথাযথ প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, কারা প্রকৃতপক্ষে সাংবাদিকতা পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এবং কাদের অ্যাক্রিডিটেশন দেওয়া হলে সংবাদমাধ্যমের মানোন্নয়ন ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আরও শক্তিশালী হবে, কমিটি গঠনের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন ছিল।
সংগঠনের সাধারণ সম্পাদক আরও জানান, মিডিয়া সংক্রান্ত বিভিন্ন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য দীর্ঘদিন ধরেই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীও সংগঠনের প্রতিনিধিদের এই বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছিলেন।
সম্প্রতি রাজ্যের আট জেলার জেলা শাসকদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে দেওয়া ছয় দফা স্মারকলিপিতেও এই দাবি অন্যতম ছিল বলে জানান তিনি। এছাড়া লেবার কমিশনার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার কাছে দেওয়া ডেপুটেশনেও বিষয়টি তুলে ধরা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
সুনীল দেবনাথের দাবি, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার নির্দেশিকা অনুসরণ করে কর্মরত সাংবাদিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে মৌখিক আশ্বাস দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে এবং সেখানে কর্মরত সাংবাদিকদের সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
সংগঠনের আশা, মুখ্যমন্ত্রী তথা তথ্য ও সংস্কৃতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।


















