বক্সনগর প্রতিনিধি, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত ভিলেজ কমিটি নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বক্সনগর আরডি ব্লকে নির্বাচনী প্রস্তুতি প্রায় চূড়ান্ত। আগামী সোমবার, ২৮ সেপ্টেম্বর রাজ্যের অন্যান্য এলাকার সঙ্গে বক্সনগর ব্লকের তিনটি ভিলেজ কমিটিতেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
বক্সনগর ব্লকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসার জানান, ব্লকের আওতাধীন তিনটি ভিলেজ কমিটিতে মোট ২১টি আসন রয়েছে। এর মধ্যে দুটি আসনে তিপ্রা মথার প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাকি ১৯টি আসনে সরাসরি ভোটগ্রহণ হবে। তিনটি ভিলেজ কমিটি মিলিয়ে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২,৪৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৭৮ জন এবং মহিলা ভোটার ১,২০৮ জন।
প্রশাসনের তথ্য অনুযায়ী, বিজয়নগর ভিলেজ কমিটির দুটি আসনে তিপ্রা মথার প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ওই দুটি আসনে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না।
ইতিমধ্যেই নির্বাচনের ইডিবি ভোটপর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেখানে মোট ৩৫ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ইডিবি ভোট থেকে শুরু করে এখনও পর্যন্ত বক্সনগর এলাকায় কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক ও আলোচনা করা হয়েছে। রাজনৈতিক দলগুলির কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে বলে জানান বিডিও তথা রিটার্নিং অফিসার সঞ্জীব কুমার পাল।
নিরাপত্তার ক্ষেত্রেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এক কোম্পানি বিএসএফের পাশাপাশি প্রায় ৫০ জন টিএসআর ও সিআরপিএফ জওয়ান মোতায়েন থাকবে। এছাড়া স্থানীয় পুলিশ ও আরক্ষাদপ্তরও সতর্ক অবস্থানে থাকবে। ভোটাররা যাতে কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকেও বিশেষ নজর রাখা হচ্ছে।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, বক্সনগর থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে জরাজলা এসবি স্কুলে স্ট্রং রুম ও কাউন্টিং হলের ব্যবস্থা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলি সেখানে নিরাপত্তার মধ্যে রাখা হবে। স্ট্রং রুমে ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকবে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তিন স্তরের নিরাপত্তা বা থ্রি-কর্ডন ব্যবস্থা রাখা হবে। আগামী ৫ অক্টোবর ভোট গণনা অনুষ্ঠিত হবে।
এদিকে, যেসব স্কুলে ভোটগ্রহণ কেন্দ্র করা হয়েছে, ভোটের দিন ওই স্কুলগুলিতে ক্লাস বন্ধ থাকবে। তবে বক্সনগর ব্লকের অন্যান্য স্কুল বা সরকারি অফিস সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে এখনও কোনও পৃথক সরকারি নির্দেশিকা পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সব মিলিয়ে বক্সনগর ব্লকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।


















