আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে বড়—বিভিন্ন আকারের বিশ্বকর্মা প্রতিমা নিয়ে প্রস্তুত মৃৎশিল্পীরা। যদিও বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি থাকায় কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতারা। কিন্তু বৃষ্টি কমার পর পুনরায় জমে উঠে বেচাকেনা।
বাড়িতে পূজার জন্য ছোট আকারের প্রতিমা যেমন পাওয়া যাচ্ছে, তেমনি কারখানা, গ্যারেজ ও দোকানে পূজার জন্য তৈরি করা হয়েছে বড় আকারের প্রতিমাও।
বাজারে বর্তমানে বিশ্বকর্মা প্রতিমার দাম শুরু হচ্ছে প্রায় ৫০০ টাকা থেকে। আকার, সাজসজ্জা ও কারুকার্যের ওপর ভিত্তি করে প্রতিমার দাম বাড়ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মাপের প্রতিমা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা।
শুধু প্রতিমা নয়, বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে বাজারে বেড়েছে মালা, সিঁদুর, পূজার পোশাকসহ বিভিন্ন সামগ্রীর চাহিদাও। কারখানা, গ্যারেজ, দোকান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবছরই ধুমধাম করে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। ফলে পূজার কয়েক দিন আগে থেকেই বটতলা বাজারে বাড়ছে ক্রেতাদের আনাগোনা।
ব্যবসায়ীদের আশা, দিন গড়ানোর সাথে সাথে , প্রতিমা ও পূজার সামগ্রীর বিক্রি আরও বাড়বে। বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে তাই এখন ব্যস্ততা তুঙ্গে।



















