বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর দিয়ে জল প্রবাহিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার পাশে থাকা জলের পাইপ ফেটে যাওয়ায় প্রতিদিন জল পড়ে রাস্তার উপর জমছে এবং প্রবাহিত হচ্ছে। পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে স্থায়ী ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
রবিবার সকাল ১১টা নাগাদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য মিজানুর হোসেনের। পরিস্থিতি দেখে তিনি নিজ উদ্যোগে রাস্তার পাশের একটি বাড়ি থেকে কোদাল নিয়ে আসেন। এরপর রাস্তার পাশে ড্রেন কেটে জমে থাকা জল বের করে দেওয়ার ব্যবস্থা করেন তিনি।
এর ফলে আপাতত রাস্তার উপর দিয়ে জল প্রবাহিত হওয়ার সমস্যা কিছুটা কমেছে। তবে ফেটে যাওয়া জলের পাইপ মেরামত না হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিন মিজানুর হোসেনের সঙ্গে সিপিআইএম উলবালি লোকাল কমিটির সম্পাদক হুমায়ুন মিয়া এবং মহকুমা সদস্য পরিতোষ রুদ্র পালও বিষয়টি পরিদর্শন করেন। তাঁরা দ্রুত ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফেটে যাওয়া জলের পাইপ মেরামত এবং স্থায়ী নিকাশি ব্যবস্থা গড়ে তোলার জন্য পিডব্লিউডি দপ্তরের দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পাইপ ফেটে জল পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাস্তার উপর দিয়ে নিয়মিত জল প্রবাহিত হওয়ায় রাস্তার ক্ষতি হচ্ছে এবং পথচারী ও যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ফেটে যাওয়া পাইপ মেরামত এবং উপযুক্ত নিকাশি ব্যবস্থা না করা হলে অব্যাহত জলপ্রবাহে রাস্তার আরও ক্ষতি হতে পারে। তাই সমস্যাটির স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।



















