আগরতলা, ১২ সেপ্টেম্বর:
প্রায় এক দশক পর সুপ্রিম কোর্টের নির্দেশে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৮ সেপ্টেম্বর এডিসির ১৬ নম্বর মান্দাইনগর-পুলিনপুর কেন্দ্রের ৫টি ভিলেজ কমিটির ২৫টি আসনে ভোটগ্রহণ হবে। ইতিমধ্যেই ওই কেন্দ্রের ২৩টি ভিলেজ কমিটির মধ্যে ১৮টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তিপ্রা মথার প্রার্থীরা।
তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশেই দীর্ঘ প্রায় ১০ বছর পর এডিসি এলাকায় ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান স্থানীয় এমডিসি জিতেন দেববর্মা।
নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিতেন দেববর্মা বলেন, ২৩টি ভিলেজ কমিটির মধ্যে ১৮টিতে তিপ্রা মথার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি ৫টি ভিলেজ কমিটির ২৫টি আসনে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যারা জনজাতি জনগণকে বঞ্চিত ও লাঞ্ছিত করেছে, নির্বাচনের মাধ্যমে তাদের জবাব দিতে ভোটারদের প্রস্তুত থাকতে হবে। আগামী দিনের নির্বাচনে জনগণের রায়ই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মন্তব্য করেন।



















