নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করতে সম্মত হল ব্রিকস দেশগুলি। শনিবার গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা’-য় অবৈধ আর্থিক প্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিকস নেতারা।
ঘোষণায় বলা হয়েছে, মাদক সংক্রান্ত অর্থপাচার, সংগঠিত অপরাধের মাধ্যমে আর্থিক জালিয়াতি এবং দেশের অভ্যন্তরীণ নিয়ন্ত্রক কাঠামো এড়িয়ে যাওয়ার প্রবণতা অর্থনৈতিক স্থিতিশীলতা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার অখণ্ডতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এই অবৈধ নেটওয়ার্কগুলি ধ্বংস করা, অপরাধলব্ধ অর্থের সন্ধান ও তা পুনরুদ্ধার, ক্ষতিগ্রস্তদের সুরক্ষা এবং বড় আকারের জালিয়াতির কাজে আর্থিক প্রতিষ্ঠান ও নতুন ধরনের পেমেন্ট ব্যবস্থার অপব্যবহার রুখতে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের উপর জোর দেওয়া হয়েছে।
সীমান্তপারের সহযোগিতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। এর আওতায় কাস্টমস কর্তৃপক্ষ, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আইন প্রয়োগকারী সংস্থা, কর কর্তৃপক্ষ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলির মধ্যে তথ্য আদান-প্রদান বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রিকসের সংশ্লিষ্ট ওয়ার্কিং গ্রুপ এবং প্রযোজ্য আন্তর্জাতিক আইনি কাঠামোর মাধ্যমেও এই সহযোগিতা আরও জোরদার করার কথা বলা হয়েছে।
পণ্য ও পরিষেবা—উভয় ক্ষেত্রেই অর্থপাচারের কৌশল চিহ্নিত ও প্রতিহত করতে তথ্য বিশ্লেষণ, ঝুঁকিভিত্তিক পদ্ধতি এবং সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ভুয়ো বা অপব্যবহৃত ইনভয়েস, পেশাদারি পরিষেবা এবং সীমান্তপারের চুক্তিগত ব্যবস্থাকে কাজে লাগিয়ে অর্থপাচারের মতো প্রবণতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ এবং এ বিষয়ে প্রাসঙ্গিক আন্তর্জাতিক চুক্তির ধারাবাহিক বাস্তবায়নের পক্ষেও সওয়াল করেছে ব্রিকস দেশগুলি। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের দুর্নীতিবিরোধী কনভেনশন বাস্তবায়নের উপর।
বিশ্বজুড়ে অবৈধ মাদক উৎপাদন, পাচার ও অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ব্রিকস। ঘোষণায় বলা হয়েছে, এই প্রবণতা জননিরাপত্তা, স্বাস্থ্য, সুরক্ষা ও মানবকল্যাণের জন্য গুরুতর হুমকি এবং রাষ্ট্রগুলির টেকসই উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এ ক্ষেত্রে ব্রিকসের মাদকবিরোধী সংস্থাগুলির প্রধানদের বৈঠকে গৃহীত গুয়াহাটি ঘোষণাকে স্বাগত জানানো হয়েছে। এর মাধ্যমে সদস্য দেশগুলির মাদকবিরোধী সংস্থাগুলির মধ্যে কার্যকরী ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।



















