উদয়পুর, ৬ সেপ্টেম্বর: উদয়পুরের জগন্নাথ দীঘিতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির স্কুল পড়ুয়ার। মৃত ছাত্রের নাম দেবজিৎ দে (১৬)। তাঁর বাড়ি পোল্ট্রি রোড এলাকায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, রবিবার দুপুর প্রায় ৩টা নাগাদ কয়েকজন বন্ধুর সঙ্গে জগন্নাথ দীঘিতে স্নান করতে আসে দেবজিৎ। স্নানের সময় আচমকাই সে দীঘির গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর মহকুমা প্রশাসনের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, আপদা মিত্রের সদস্য এবং দমকল দপ্তরের কর্মীরা। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর দীঘির জলের নিচ থেকে দেবজিতের নিথর দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর দমকলকর্মীরা দ্রুত তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দেবজিৎকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কীভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। দেবজিতের আকস্মিক মৃত্যুতে এলাকাতেও শোকের পরিবেশ তৈরি হয়েছে।


















