নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্টেম্বর: প্রতিবন্ধীদের অধিকার ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানালেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রবিবার দশরথ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি।
সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী-সহ সংগঠনের বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলনে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং সরকারি সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে দাবিগুলি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনের রূপরেখা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার দাবি করেন, বামফ্রন্ট সরকারের সময় ৬০ শতাংশের বেশি প্রতিবন্ধকতা থাকা ব্যক্তিদের ভাতা দেওয়ার ক্ষেত্রে এপিএল বা বিপিএল—এই ধরনের শ্রেণিবিভাগ করা হতো না। তাঁর অভিযোগ, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এপিএল শ্রেণিভুক্ত প্রতিবন্ধীদের ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি বিপিএল শ্রেণিভুক্ত প্রতিবন্ধীরাও নিয়মিত ভাতা পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।
মানিক সরকারের অভিযোগ, প্রতিবন্ধীদের একাধিক সুযোগ-সুবিধা ধীরে ধীরে কমিয়ে দেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, বাম আমলে প্রতিবন্ধীদের বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা ছিল। বর্তমানে সেই পরিস্থিতি নেই।
একইসঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ চালানো হচ্ছে এবং এর প্রভাব বিভিন্ন সামাজিক আন্দোলনের ওপরও পড়ছে। বিরোধী দল হিসেবে বামপন্থীরাও নানা রাজনৈতিক চাপে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে রাজনৈতিক প্রতিকূলতা থাকলেও প্রতিবন্ধীদের অধিকার আদায়ের আন্দোলন থামিয়ে রাখা যাবে না বলে স্পষ্ট বার্তা দেন মানিক সরকার। তাঁর আহ্বান, প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এদিনের সম্মেলনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবন্ধী অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত বহু মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সম্মেলনকে কেন্দ্র করে সংগঠনের আগামী দিনের কর্মসূচি ও দাবিদাওয়া নিয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
———


















