আগরতলা, ৬ সেপ্টেম্বর: গাড়ির তেলের ট্যাংকির মধ্যে লুকিয়ে নেশাজাতীয় কফ পাচারের অভিযোগে একটি গাড়ি আটক করেছে বাইজালবাড়ি থানার পুলিশ। অভিযানে গাড়ির তেলের ট্যাংকি থেকে উদ্ধার হয়েছে ১৪২ বোতল এসকফ। ঘটনায় গাড়ির চালককেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা থেকে টিআর -০১-এসএএইচ- ০৫৯২ নম্বরের একটি ব্লেজা গাড়ি খোয়াইয়ের দিকে যাচ্ছিল। বাইজালবাড়ি থানার অন্তর্গত নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ আধিকারিক তিলক জমাতিয়ার নেতৃত্বে গাড়িটিকে আটক করা হয়।
পরে খোয়াইয়ে ডিসিএমের উপস্থিতিতে বাইজালবাড়ি থানার ওসি এবং সাব-ইন্সপেক্টর তিলক জমাতিয়ার নেতৃত্বে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়ির তেলের ট্যাংকির ভিতরে লুকিয়ে রাখা ১৪২ বোতল এস কফ উদ্ধার হয় বলে পুলিশ জানিয়েছে।
এরপর গাড়িটি জব্দ করার পাশাপাশি চালককে আটক করা হয়। উদ্ধার হওয়া নেশাজাতীয় কফের উৎস এবং কোথায় তা পাচারের উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের দাবি, নেশা কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। গাড়ির তেলের ট্যাংকির মতো জায়গায় নেশাজাতীয় সামগ্রী লুকিয়ে পাচারের এই চেষ্টা তারই একটি উদাহরণ। নেশার বিরুদ্ধে অভিযান আগামী দিনেও আরও জোরদারভাবে চালানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


















