আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। শুক্রবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, বৈঠকে ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। পাশাপাশি রাজ্যের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
এই বৈঠকে তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যোত কিশোর মানিক্য দেববর্মা এবং বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়কারী ডা. সম্বিত পাত্রও উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী জানান, পারস্পরিক গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে ত্রিপুরার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজ্যের মানুষের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
নয়াদিল্লির এই বৈঠককে ত্রিপুরার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক উদ্যোগকে আরও গতিশীল করার বিষয়ে বৈঠকটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।



















