আগরতলা, ৪ সেপ্টেম্বর:
লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন। শুক্রবার শহর ও সংলগ্ন বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তামাকজাত পণ্য বিক্রির দোকানগুলিতে প্রয়োজনীয় নথিপত্র ও লাইসেন্স খতিয়ে দেখা হয়।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল বৈধ ট্রেড লাইসেন্স ও টোব্যাকো লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রি বন্ধ করা। অভিযানের সময় ব্যবসায়ীদের লাইসেন্স ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি, বৈধ লাইসেন্স ছাড়া তামাকজাত পণ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে প্রশাসন।
প্রশাসনের এই যৌথ অভিযানে শহরের তামাক ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। সরকারি নিয়ম ও বিধিনিষেধ মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হচ্ছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, আগামী দিনগুলিতেও উদয়পুর শহর ও আশপাশের এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। লাইসেন্সবিহীনভাবে তামাকজাত সামগ্রী বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে প্রশাসন।



















