আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর শুক্রবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, জলাশয়টির সংস্কার ও উন্নয়ন করা হলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে, অন্যদিকে ভবিষ্যতে এটিকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় একাধিক জলাশয় অব্যবহৃত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শহরের এই ধরনের জলাশয়গুলিকে চিহ্নিত করে সেগুলির সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাশয়গুলিকে সংরক্ষণের পাশাপাশি নাগরিকদের স্বার্থে সেগুলিকে ব্যবহারযোগ্য করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
পুর নিগমের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও সন্তোষ দেখা দিয়েছে। জলাশয়টির উন্নয়নের ফলে এলাকার পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনে এটি কাজে আসবে বলে আশা করা হচ্ছে।



















