জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে আসায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে মেন্ধর সেক্টরের বালাকোট এলাকার বেরহুটি গ্রামের আকাশে ড্রোনটি দেখা যায় বলে শনিবার আধিকারিকরা জানিয়েছেন।
আধিকারিকদের মতে, শুক্রবার সন্ধ্যায় ড্রোনটি সীমান্তের কাছে মঙ্গলনার-দাবরোতের দিকে এগিয়ে যায় এবং পরে পাকিস্তানের দিকে ফিরে যায়। ড্রোনটি কোনও সন্দেহজনক সামগ্রী ফেলে গিয়েছে বা বহন করছিল কি না, তা খতিয়ে দেখতে ভোর হতেই এলওসি পাহারারত সেনা জওয়ানরা নজরদারি বাড়ানোর পাশাপাশি তল্লাশি অভিযান শুরু করেন। এখনও সেই অভিযান চলছে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
এর পাশাপাশি সন্দেহজনক গতিবিধির খবর পাওয়ার পর উধমপুর, কাঠুয়া ও রাজৌরির বিস্তীর্ণ জঙ্গল এলাকায় পুলিশ, সেনা এবং আধাসামরিক বাহিনী যৌথভাবে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় উধমপুর-কাঠুয়া জঙ্গল বেল্টের খুবান, নাগাইন, খত্রাইল, গোদু ফালাল, পদেতার, চোর মোত্তু, কিয়া, খেবা, ভেদ, মার্তা, জোফার এবং সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়। শনিবারও অভিযান অব্যাহত রয়েছে।
রাজৌরিতেও গাইবাস, মিথিয়ানি, মোগলা ও নারলা এলাকায় পৃথক তল্লাশি অভিযান চালানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা দুই সন্দেহভাজন সশস্ত্র ব্যক্তির গতিবিধির খবর দেওয়ার পর এই অভিযান শুরু হয়। ওই দু’জন জঙ্গি হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
নিরাপত্তা বাহিনীর নজরদারিতে রয়েছে রাজৌরি, পুঞ্চ, কাঠুয়া, রামবান, উধমপুর, ডোডা, কিশ্তওয়ার ও রিয়াসির ঘন জঙ্গল এলাকা। এক এলাকা থেকে অন্য এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পর ওই অঞ্চলগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আধিকারিকরা জানান, চলতি তল্লাশি অভিযানে এখনও নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের কোনও সংঘর্ষ বা গুলির লড়াই হয়নি। তবে সম্ভাব্য লুকিয়ে থাকা জঙ্গিদের উপর লাগাতার চাপ বজায় রাখা হচ্ছে, যাতে তারা কোনও এলাকায় ঘাঁটি গেড়ে সাধারণ মানুষ বা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালাতে না পারে।
—আইএএনএস



















