তেলিয়ামুড়া, ২৯ আগস্ট: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। শনিবার সকালে ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া বড়মুড়া পাহাড়ের আসাম-আগরতলা জাতীয় সড়কের বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায়।
জানা গেছে, শনিবার সকালে আগরতলার দিক থেকে একাধিক যাত্রী নিয়ে একটি সুজুকি মারুতি গাড়ি তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রিপারের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে মারুতি গাড়িতে থাকা তিনজন আহত হন।
আহতদের মধ্যে দুই মহিলা রয়েছেন। তাঁরা কল্যাণপুরে শিক্ষা দপ্তরের কর্মী হিসেবে নিযুক্ত বলে জানা গেছে। এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত হন ৬২ বছর বয়সি নির্মল চন্দ্র দাস।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। তাঁরা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অল্পবিস্তর আহত দুই মহিলাকে ছেড়ে দেওয়া হয়। তবে নির্মল চন্দ্র দাসের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক জানান, পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছানোর পর প্রয়োজন অনুযায়ী নির্মল চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হতে পারে।
সাতসকালে জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলেও প্রভাব পড়ে।



















