আগরতলা, ২৮ আগস্ট: বিধানসভায় এনডিপিএস মামলায় দেওয়া তথ্য নিয়ে মুখ্যমন্ত্রী সঠিক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ তুললেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। তাঁর দাবি, একই বিষয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যে দু’বার ভিন্ন তথ্য উঠে এসেছে।
বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে এনডিপিএস সংক্রান্ত মামলার তথ্য জানতে মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন তোলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। পরে সাংবাদিক সম্মেলনে তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিভিন্ন তথ্য তুলে ধরে অসঙ্গতির অভিযোগ করেন।
গোপাল রায় বলেন, প্রায় ছয় মাস আগে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ২০২৩-২৪, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে এনডিপিএস মামলায় চার্জশিট ও শাস্তির গড় হার ছিল ৩.০৬ শতাংশ। তাঁর দাবি, সেই সময় মুখ্যমন্ত্রী ২,৭৭৯টি মামলায় চার্জশিট এবং মাত্র ৯৯টি মামলায় শাস্তির তথ্য দিয়েছিলেন। কিন্তু শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী ভিন্ন পরিসংখ্যান দিয়েছেন বলে অভিযোগ করেন গোপাল রায়। তাঁর দাবি, এবার ২০২৩-২৪ অর্থবর্ষে ৭ শতাংশ, ২০২৪-২৫ অর্থবর্ষে ৫ শতাংশ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ১১ শতাংশের কথা বলা হয়েছে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য কোনটা সত্য, সেটা আমি বুঝতে পারলাম না। বিধানসভায় তাঁরই দেওয়া দুটি বক্তব্যে দুই রকম তথ্য রয়েছে। গোপাল রায় আরও বলেন, একবার বলেছেন ৩.০৬ শতাংশ, আবার বলছেন তিন বছরে ৭, ৫ এবং ১১ শতাংশ। তাহলে গড় কত হবে? এটা কীভাবে সম্ভব, মুখ্যমন্ত্রীই বলতে পারবেন।
এই ধরনের পরস্পরবিরোধী তথ্য বিধানসভার স্বার্থের পরিপন্থী এবং বিধানসভার নিয়মেরও পরিপন্থী বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, বিষয়টি নিয়ে বিধানসভার অধ্যক্ষ স্বতঃপ্রণোদিতভাবে প্রিভিলেজ মোশন আনতে পারেন।
গোপাল রায়ের বক্তব্য, নেশা কারবারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি পুলিশের অভ্যন্তরে যাঁদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধেও স্বচ্ছ ও কার্যকর তদন্ত প্রয়োজন। তবে মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানের মধ্যে কেন এই পার্থক্য, তা স্পষ্ট করা জরুরি বলেও দাবি করেন তিনি।

















