আগরতলা, ২৭ আগস্ট: আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র বন্ধনের এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে ছোট, বড় ও মাঝারি ব্যবসায়ীরা নানা ধরনের রাখির পসরা সাজিয়ে বসেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর রাখির চাহিদা অনেকটাই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবি, প্রতি বছর রাখি পূর্ণিমার আগে বাজারে শিশু-কিশোরদের ভিড় দেখা গেলেও এ বছর সেই চিত্র অনেকটাই বদলে গেছে। বিশেষ করে স্কুলপড়ুয়া ছেলে-মেয়েদের মধ্যে রাখি কেনার আগ্রহ কমেছে। এর অন্যতম কারণ হিসেবে মোবাইল ফোনের প্রতি শিশু-কিশোরদের অতিরিক্ত আসক্তিকে দায়ী করছেন তারা।
এক ব্যবসায়ী জানান, অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন ধরনের রাখি নিয়ে দোকান সাজিয়ে বসেছেন। কিন্তু বিক্রি আশানুরূপ হচ্ছে না। আগে অষ্টম, নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যাওয়ার পথে রাখি কিনত। এবার তাদের অনেকেই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকায় রাখি কেনার প্রতি আগ্রহ দেখাচ্ছে না। তবে কিছু অভিভাবক এসে রাখি কিনছেন। তাঁর দোকানে প্রায় ২০০ ধরনের রাখি রয়েছে এবং দামও গতবারের তুলনায় বাড়ানো হয়নি। ১০ টাকার রাখি ১০ টাকা এবং ২০ টাকার রাখি ২০ টাকাতেই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
অন্য এক ব্যবসায়ীও একই অভিযোগ তুলে বলেন, অনেক আশা নিয়ে বিপুল পরিমাণ রাখি তুললেও এবার বেচাকেনা অত্যন্ত খারাপ। স্কুল-কলেজের পড়ুয়াদের কথা মাথায় রেখেই রাখি নিয়ে বসেছিলেন তারা। কিন্তু মোবাইলের যুগে ছেলে-মেয়েদের মধ্যে রাখির প্রতি আগ্রহ কমে যাওয়ায় ব্যবসায় বড় ধাক্কা লেগেছে।
তাঁর কথায়, কিছু অভিভাবক টুকটাক রাখি কিনতে এলেও সামগ্রিকভাবে বাজারে ক্রেতার সংখ্যা কম। রাখির দামও সীমিত রাখা হয়েছে, তবুও বিক্রি বাড়ছে না। ফলে উৎসবের মরশুমে ব্যবসা নিয়ে হতাশায় রয়েছেন রাখি বিক্রেতারা।
রাখি পূর্ণিমাকে ঘিরে শহরের বাজারে উৎসবের আমেজ থাকলেও ব্যবসায়ীদের বক্তব্যে স্পষ্ট, গত বছরের তুলনায় এবার রাখির বাজারে সেই চেনা উচ্ছ্বাস ও বেচাকেনার জোয়ার অনেকটাই অনুপস্থিত।























