আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য বড় খবর। বিশ্বস্ত সূত্রের দাবি, আগামী ডিসেম্বর মাসে রাজ্যে মোট ৩,১৭২ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১,০২০ জন গ্র্যাজুয়েট শিক্ষক, ১,০৩৬ জন আন্ডার-গ্র্যাজুয়েট শিক্ষক এবং ১,১১৬ জন পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষক রয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই শিক্ষক নিয়োগের প্রস্তাবে মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে। এখন বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে। মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর নিয়োগ প্রক্রিয়া শুরু করার পথে এগোবে বলে জানা গেছে।
এদিকে, নিয়োগ প্রক্রিয়া যাতে দ্রুত শুরু করা যায়, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলেও সূত্রের দাবি। ফলে মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সূত্রের দাবি, ১,০২০ জন গ্র্যাজুয়েট শিক্ষক এবং ১,০৩৬ জন আন্ডার-গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের উদ্যোগ আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। পাশাপাশি ১,১১৬ জন পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। যদিও কোন কোন বিষয় বা দপ্তরের অধীনে কতগুলি পদ থাকবে, সেই বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
রাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরে শিক্ষক সংকটের অভিযোগ রয়েছে। একাধিক বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় পঠনপাঠন ব্যাহত হওয়ার অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে একসঙ্গে তিন হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা যোগ্য চাকরিপ্রার্থীদের মধ্যেও এই খবর ঘিরে প্রত্যাশা তৈরি হয়েছে।


















