আগরতলা, ২৫ আগস্ট: অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ রেখে আন্দোলনে সামিল হলে সরকার তা কোনওভাবেই বরদাস্ত করবে না। কাজের সময় আন্দোলন করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়।
মন্ত্রী বলেন, আজ মহাকরণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক চলছে। মূলত, বৈঠকে দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়েও আলোচনা হয়েছে।
মন্ত্রী টিংকু রায় জানান, অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সমস্যা থাকতে পারে এবং তাঁরা একাধিকবার সরকারের কাছে তাঁদের দাবি-দাওয়া লিখিতভাবে জানিয়েছেন। বিষয়গুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলেও জানান তিনি। তবে সরকারি দায়িত্বে থেকে কাজে ফাঁকি দিয়ে আন্দোলনে সামিল হওয়া কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করেন মন্ত্রী।
তাঁর কথায়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি শিশু ও মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদান করে। তাই কেন্দ্রের স্বাভাবিক পরিষেবা ব্যাহত করে কোনও কর্মী আন্দোলনে সামিল হলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। মন্ত্রী আরও জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে আন্দোলনের কোনও অভিযোগ এলে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি পরিষেবা স্বাভাবিক রাখার পাশাপাশি কর্মীদের সমস্যাগুলিও আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।



















