আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে খাদ্য দফতরের প্রধান সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
বৈঠকে চাল, ভোজ্যতেল, ডাল, চিনি, আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতি, বাজারে পণ্যের প্রাপ্যতা এবং মূল্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সাধারণ মানুষের কাছে যাতে প্রয়োজনীয় পণ্য সহজলভ্য ও সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেন মন্ত্রী।
মন্ত্রী জানান, বাজারে প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়াই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।
এদিন পৃথকভাবে সচিবালয়ে খাদ্য দফতরের প্রধান সচিব ও অধিকর্তা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের প্রতিনিধিদের পাশাপাশি ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে আরও একটি বৈঠক করেন সুশান্ত চৌধুরী। রাজ্যজুড়ে পেট্রোলিয়ামজাত পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার বিষয়টি নিয়ে এই বৈঠকে আলোচনা হয়।
নবনির্মিত পেট্রোলিয়াম, অয়েল অ্যান্ড লুব্রিকেন্টস ডিপো দ্রুত ও দক্ষতার সঙ্গে পরিচালনা এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন জেলায় জ্বালানি পরিবহণের বিষয়েও আলোচনা হয়। সেকেরকোট থেকে বিভিন্ন জেলায় ট্যাঙ্কার লরির মাধ্যমে যাতে সুষ্ঠু ও বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্বালানি পরিবহণ করা যায়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
খাদ্য দফতর, এলওসিএল এবং পেট্রোলিয়াম ডিলারদের মধ্যে আরও ভালো সমন্বয়ের মাধ্যমে সময়মতো জ্বালানি পরিবহণ ও সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন মন্ত্রী। পিওএল ডিপোর পরিচালনা এবং রাজ্যের সামগ্রিক পেট্রোলিয়াম সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয়ও বৈঠকে পর্যালোচনা করা হয়।
।



















