আগরতলা, ২৪ আগস্ট: টানা বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আগরতলার জহর ব্রিজ, বটতলা গেজ স্টেশনের পরিমাপ অনুযায়ী আজ দুপুর ২টায় হাওড়া নদীর জলস্তর দাঁড়িয়েছে ১০.২৬ মিটার।
জানা গেছে, হাওড়া নদীর সতর্কতা স্তর ৯.৮৬ মিটার, ক্রিটিক্যাল লেভেল ১০.৭২ মিটার, বিপদসীমা ১১.২২ মিটার এবং চরম বিপদসীমা ১১.৭২ মিটার। ফলে বর্তমানে নদীর জলস্তর সতর্কতা স্তরের বেশ উপরে এবং ক্রিটিক্যাল লেভেলের কাছাকাছি রয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, হাওড়া নদীতে এর আগে ২২ আগস্ট ২০২৪ সালে সর্বোচ্চ বন্যার জলস্তর ১২.০৫ মিটার রেকর্ড করা হয়েছিল। বর্তমান জলস্তর পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট প্রশাসন ও দপ্তরগুলি।
























