আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রতি বছরের মতো এবারও বিশেষ ভাবনা ও সামাজিক বার্তাকে সামনে রেখে পূজার আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এবার প্রান্তিক ক্লাবের দুর্গাপূজার মূল ভাবনা ‘তামাক বর্জন’। এই থিমের মাধ্যমে তামাক সেবনের ক্ষতিকারক দিক এবং এর ফলে মানুষের শরীর ও সমাজে তৈরি হওয়া নানা সমস্যার চিত্র তুলে ধরা হবে। মণ্ডপসজ্জার বিভিন্ন উপস্থাপনার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে তামাক বর্জনের সচেতনতা গড়ে তোলাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য।
এবারের মণ্ডপসজ্জাতেও থাকছে বিশেষ চমক। সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে মণ্ডপ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে নারিকেলের রাঁচি ব্যবহার করে মণ্ডপকে প্রাকৃতিক ও নান্দনিক রূপ দেওয়া হবে।
মণ্ডপ নির্মাণের দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের দক্ষ কারিগর ও মৃৎশিল্পীরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলোকশিল্পীদের হাত ধরে মণ্ডপে থাকছে বিশেষ আলোকসজ্জা। তবে এই আয়োজনের সঙ্গে স্থানীয় শিল্পীদেরও যুক্ত করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
সামাজিক সচেতনতার বার্তা, প্রাকৃতিক উপকরণে নান্দনিক মণ্ডপসজ্জা এবং আকর্ষণীয় আলোকসজ্জার সমন্বয়ে এবছর প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা।



















