আগরতলা, ৬ আগস্ট: ত্রিপুরার বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআই(এম)। জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন সংস্থা (এনএইচআইডিসিএল)-এর কাছ থেকে সড়ক সংস্কারের নির্দিষ্ট সময়সূচি ও জবাব দাবি করেন আন্দোলনকারীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক কর্মী-সমর্থক।
বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের একাধিক জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে প্রতিদিন সাধারণ মানুষ, যাত্রী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা এনএইচআইডিসিএল-এর সঙ্গে রাজ্য সরকারের “গোপন সমঝোতা” রয়েছে বলেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সামনে এলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তাঁর দাবি, নিম্নমানের নির্মাণকাজের কারণেই অল্প সময়ের মধ্যেই বহু জাতীয় সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
বিরোধী দলনেতা বলেন, জনগণের করের টাকায় নির্মিত জাতীয় সড়কের এমন বেহাল চিত্র কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের কাছে জানতে চান, রাজ্যের ক্ষতিগ্রস্ত জাতীয় সড়কগুলির মেরামতের কাজ কবে শুরু হবে এবং কবে নাগাদ তা সম্পূর্ণ হবে। পাশাপাশি বিষয়টি নিয়ে সংস্থার স্পষ্ট অবস্থান ও জবাবও দাবি করেন।
সিপিআই(এম)-এর পক্ষ থেকে জানানো হয়, দ্রুত জাতীয় সড়কগুলির সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে দল।



















