কাঠালিয়া, ২৩ জুলাই: বিভিন্ন জনস্বার্থমূলক দাবি নিয়ে শোভাপুর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন প্রদান করল সিপিআইএমের রবীন্দ্রনগর অঞ্চল কমিটি। বৃহস্পতিবার জনগণের জরুরি ৬ দফা দাবির ভিত্তিতে একটি প্রতিনিধিদল পঞ্চায়েত সচিবের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেয়।
সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত এলাকার বিভিন্ন জনসমস্যা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে স্থানীয় মানুষ পঞ্চায়েতের দ্বারস্থ হলেও বহু ক্ষেত্রে সেগুলির যথাযথ সমাধান হচ্ছে না। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানে পক্ষপাতিত্বের অভিযোগও তোলা হয়। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দাবি-দাওয়া তুলে ধরতেই এদিনের ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিনিধিদল পঞ্চায়েত সচিবের কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।
ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম রবীন্দ্রনগর অঞ্চল কমিটির সম্পাদক মিজান মিয়া, মো. হানিফ, এসরান হোসেন, চানু মিয়া এবং মৃত্যু লাল দেববর্মা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
৬ দফা দাবিগুলি হল, শোভাপুর, পালপাড়া, মেখলিপাড়া ও নমপাড়াসহ পঞ্চায়েত এলাকার বেহাল রাস্তাগুলির দ্রুত সংস্কার করতে হবে, সরকারি আবাসন (ঘর) বণ্টনে দলীয় পক্ষপাতিত্ব বন্ধ করতে হবে, কৃষকদের জন্য পর্যাপ্ত সার ও বীজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। রেগা প্রকল্পে ৬০০ টাকা দৈনিক মজুরি এবং ২০০ দিনের কাজের ব্যবস্থা করতে হবে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক ভাতার অর্থ প্রতি মাসে নিয়মিত প্রদান নিশ্চিত করতে হবে, পঞ্চায়েত এলাকায় বেহাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডেপুটেশন গ্রহণ করে পঞ্চায়েত সচিব দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রতিনিধিদলের দাবি। এখন এই দাবিগুলির বাস্তবায়নে পঞ্চায়েত কতটা উদ্যোগী হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা।
























