কৈলাসহর, ৬ জুলাই: দীর্ঘ প্রায় ছয় মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কৈলাসহরের টিলাবাজার থেকে হীরাছড়া যাওয়ার সড়ক। রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজার হাজার মানুষ। একাধিকবার পঞ্চায়েত ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও সমাধান না মেলায় সোমবার সকালে বাবুরবাজার এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
সোমবার সকাল প্রায় ১০টা থেকে রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ইরানি থানার ওসি বিরাজ দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবরোধকারীদের অভিযোগ, প্রায় ছয় মাস আগে পূর্ত দপ্তরের উদ্যোগে টিলাবাজার-হীরাছড়া সড়কের সংস্কার কাজ করা হলেও তা ছিল অত্যন্ত নিম্নমানের। সংস্কারের অল্প কিছুদিনের মধ্যেই রাস্তাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়, ফলে বর্তমানে সড়কটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা একাধিকবার স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং পরে লিখিতভাবে পূর্ত দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানালেও কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে বাধ্য হয়ে তারা পথ অবরোধের কর্মসূচি গ্রহণ করেন।
পরিস্থিতি সামাল দিতে পূর্ত দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, খুব শীঘ্রই রাস্তা সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হবে এবং সেই প্রক্রিয়ার প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। দপ্তরের এই আশ্বাসের পর দুপুর প্রায় ১২টা নাগাদ অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
এদিকে, প্রায় দুই ঘণ্টার অবরোধে বাবুরবাজার এলাকায় রাস্তার দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকে পড়েন অসংখ্য যাত্রী, পথচারী এবং নিত্যযাত্রীরা, যার ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।
উল্লেখ্য, টিলাবাজার থেকে হীরাছড়া পর্যন্ত এই সড়কের ওপর নির্ভরশীল প্রায় নয়টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার মানুষ। শহরের সঙ্গে যোগাযোগের জন্য এটি অন্যতম প্রধান সড়ক হওয়ায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভ বাড়ছিল স্থানীয়দের মধ্যে। অবশেষে সেই ক্ষোভই পথ অবরোধের মাধ্যমে প্রকাশ পায়।
























