গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক বিল দেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার গণ্ডাছড়া বিদ্যুৎ অফিসের সামনে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করল সিপিএমের গণ্ডাছড়া বিভাগীয় কমিটি।
এদিন সকাল ১০টা নাগাদ সিপিএমের বিভাগীয় কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে গণ্ডাছড়া বিদ্যুৎ অফিসের সামনে এসে পৌঁছায়। সেখানে বিক্ষোভকারীরা প্রায় দুই ঘণ্টা ধরে ধর্না ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের বিভাগীয় সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, নারী নেত্রী অর্চনা দাস, দশরাণী ত্রিপুরা, দলের নেতা সুশান্ত হাজারী-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
বিক্ষোভকারীদের অন্যতম দাবি, কোনও বিদ্যুৎ গ্রাহকের ওপর জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া যাবে না। পাশাপাশি গত কয়েক বছর ধরে বিদ্যুৎ গ্রাহকদের দেওয়া অভিযোগযুক্ত বিলগুলি পুনঃপরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। বিদ্যুৎ বিলের সঙ্গে অতিরিক্ত কোনও চার্জ নেওয়া যাবে না বলেও দাবি জানানো হয়।
সিপিএম নেতৃত্বের অভিযোগ, গণ্ডাছড়া মহকুমার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শুরু করে এডিসি ভিলেজগুলিতেও বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভ রয়েছে। অনেক গ্রাহক অস্বাভাবিক বিলের কারণে সমস্যায় পড়ছেন বলে দাবি তাঁদের। অবিলম্বে বিদ্যুৎ বিল সংক্রান্ত সমস্যার সমাধান করে সাধারণ গ্রাহকদের স্বস্তি দেওয়ার দাবি জানিয়েছে সিপিএমের গণ্ডাছড়া বিভাগীয় কমিটি। একইসঙ্গে বিদ্যুৎ দপ্তরকে গ্রাহকস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
























