আগরতলা, ২০ আগস্ট: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশন থেকে প্রায় ২৫ কেজি গাঁজাসহ তিন মহিলাকে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবারের এই ঘটনায় রেলপথে গাঁজা পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার একটি দল যোগেন্দ্রনগর রেলস্টেশনে অভিযান চালায়। সেখানে সন্দেহভাজন তিন মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে আনুমানিক ২৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
আটক তিন মহিলা হলেন মোনাকিয়া দেবী, রিকু দেবী এবং পিংকি কুমার। তারা বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, আগরতলা থেকে রেলপথে ওই গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনায় পূর্ব আগরতলা থানায় নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। আটক তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে। উল্লেখ্য, পুলিশ ও রেল পুলিশের নজরদারি এড়িয়ে রেলপথে গাঁজা পাচারের অভিযোগ নতুন নয়। রেলপথকে ব্যবহার করে গাঁজা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
























