‘ডেপুটি নয়, ডেলিভারি মুখ্যমন্ত্রী হওয়া উচিত’: ইউপি উপমুখ্যমন্ত্রীকে কটাক্ষ অখিলেশ যাদবের

নয়াদিল্লি, ২৭ মার্চ (আইএএনএস): এলপিজি পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, “ওঁর ডেপুটি মুখ্যমন্ত্রী নয়, ‘ডেলিভারি মুখ্যমন্ত্রী’ হওয়া উচিত।”

সম্প্রতি এলপিজি সঙ্কট নিয়ে অখিলেশের মন্তব্যের জবাবে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেছিলেন, “যদি কারও সিলিন্ডার না থাকে, আমাদের জানাক, আমরা পৌঁছে দেব।” এর প্রেক্ষিতেই এই মন্তব্য করেন এসপি প্রধান।

আইএএনএস-কে অখিলেশ বলেন, “এখন নতুন যুগ, ডেলিভারি বয়ের প্রয়োজন। উনি ডেপুটি মুখ্যমন্ত্রী না থেকে ডেলিভারি মুখ্যমন্ত্রী হলে ভালো হয়। যাঁদের সিলিন্ডার বা অন্য কিছু দরকার, তিনি তা পৌঁছে দেবেন।”

তিনি আরও দাবি করেন, উত্তরপ্রদেশে মানুষ এলপিজি সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। “মাসের শুরু ও শেষে সর্বত্রই লাইন দেখা যায়, অথচ সরকার বলছে পর্যাপ্ত সিলিন্ডার রয়েছে,” বলেন তিনি।

কটাক্ষের সুরে তিনি আরও বলেন, “এবার হয়তো সরকার বলবে ছোট রুটি বানাতে। তাহলে প্রশ্ন, সরকার আসলে কী করছে?”

এদিকে, কেন্দ্র সরকার বৃহস্পতিবার জানিয়েছে যে দেশে পেট্রোলিয়াম ও এলপিজি সরবরাহ সম্পূর্ণ নিরাপদ ও নিয়ন্ত্রণে রয়েছে। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্যও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, উত্তরপ্রদেশের সুলতানপুরে পুলিশের অনিয়ম নিয়ে বিজেপি এমএলসি দেবেন্দ্র প্রতাপ সিংহের অভিযোগ প্রসঙ্গেও প্রতিক্রিয়া দেন অখিলেশ। তিনি বলেন, “উত্তরপ্রদেশে এ নতুন কিছু নয়। যখন বলা হয় মাফিয়া নেই, তখন বুঝতে হবে একজনই মাফিয়া রয়েছে। ভুয়ো এনকাউন্টার বহুবার হয়েছে।”

তিনি দাবি করেন, “যখনই নিরপেক্ষ তদন্ত হবে, তখন অসংখ্য ভুয়ো এনকাউন্টারের ঘটনা সামনে আসবে। জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জমা পড়েছে, আদালতেও গিয়েছে। ন্যায়বিচার হলে অনেক আধিকারিক জেলে যাবেন।”

Leave a Reply