নয়াদিল্লি, ২৪ মার্চ(আইএএনএস): টিকিট কালোবাজারি রুখতে এবং যাত্রীদের আরও সুবিধা দিতে টিকিট বাতিলের নিয়মে বড় পরিবর্তন আনল ভারতীয় রেল। নতুন নিয়মে বাতিলের সময় অনুযায়ী ফেরতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে এবং বোর্ডিং স্টেশন পরিবর্তনের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে সময়সীমা।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই সংশোধিত নিয়মগুলি ধাপে ধাপে ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল, ২০২৬-এর মধ্যে কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার ৭২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে সর্বাধিক ফেরত পাওয়া যাবে, শুধুমাত্র নির্দিষ্ট বাতিল চার্জ কাটা হবে। ৭২ ঘণ্টা থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ কাটা হবে (ন্যূনতম চার্জ সাপেক্ষে)।
আরও দেরিতে বাতিল করলে জরিমানা বাড়বে। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে বাতিল করলে ৫০ শতাংশ ভাড়া কাটা হবে। আর ৮ ঘণ্টার কম সময় বাকি থাকলে টিকিট বাতিলের ক্ষেত্রে কোনও ফেরত মিলবে না।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “টিকিট বুকিংয়ের ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, দালালরা অতিরিক্ত টিকিট বুক করে এবং বিক্রি না হলে যাত্রার আগে তা বাতিল করে বড় অঙ্কের টাকা ফেরত পেত।” এই প্রবণতা রুখতেই নিয়ম কঠোর করা হয়েছে।
এছাড়াও যাত্রীদের সুবিধার জন্য বোর্ডিং স্টেশন পরিবর্তনের সময়সীমা বাড়ানো হয়েছে। এখন ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পর্যন্ত বোর্ডিং স্টেশন পরিবর্তন করা যাবে।
বর্তমানে এই সুবিধা শুধুমাত্র চার্ট প্রস্তুতির আগে পর্যন্ত সীমাবদ্ধ ছিল। নতুন নিয়মে বিশেষ করে বড় শহরগুলিতে, যেখানে একাধিক স্টেশন রয়েছে, যাত্রীরা নিজেদের সুবিধামতো স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন।
রেল মন্ত্রকের মতে, এই পদক্ষেপ যাত্রীদের আরও নমনীয়তা দেবে এবং একই সঙ্গে টিকিট ব্যবস্থার অপব্যবহার কমাতে সাহায্য করবে।

