আগরতলা, ৩ ফেব্রুয়ারী : বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন দুই পরিযায়ী শ্রমিক। উভয়েই বিহারের বাসিন্দা। দুর্ঘটনার সময় প্রায় কুড়ি ফুট উচ্চতা থেকে ছিটকে নিচে পড়ে যান তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আহতরা মনুতে বিদ্যুৎ পরিষেবার কাজে নিযুক্ত ছিলেন। কাজ চলাকালীন হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হন ওই দুই শ্রমিক। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যান, ফলে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

