আগরতলা, ৮ ডিসেম্বর: বলিউডখ্যাত গায়ক জুবিন নটিয়াল আগামী ১২ ডিসেম্বর আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠানে যোগ দিতে আসছেন। জনপ্রিয় এই শিল্পীকে সরাসরি দেখার এবং তার মনোমুগ্ধকর সুর শোনার আশায় ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সেই কারণেই সোমবার থেকে ট্যুরিজম দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে অনুষ্ঠানের পাস বিতরণ।
প্রথম দিনেই আগরতলা টাউন হলে দেখা গেল উপচে পড়া ভিড়। সকাল থেকেই সঙ্গীতপ্রেমীরা দীর্ঘ লাইন বেঁধে দাঁড়িয়ে পড়েন ট্যুরিজম দপ্তরের কাউন্টারের সামনে। প্রখর রোদ উপেক্ষা করে নানা বয়সের মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। কেউ হাতে ছাতা, কেউবা জলের বোতল নিয়ে দাঁড়িয়ে থেকেছেন শুধুমাত্র পছন্দের শিল্পীকে একনজর দেখার আশায় পাস সংগ্রহের জন্যে।
ট্যুরিজম দপ্তরের কর্মকর্তাদের মতে, অনুষ্ঠান উপলক্ষে বিপুল সংখ্যক দর্শকের সমাগম আশা করা হচ্ছে। পাস বিতরণের প্রথম দিনের ভিড় দেখে তা স্পষ্ট যে জুবিন নটিয়ালের জনপ্রিয়তা রাজ্যে অত্যন্ত বেশি। আগামী কয়েক দিনেও একইভাবে পাস সংগ্রহের ভিড় অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে।
১২ ডিসেম্বরের অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। ভক্তরা মুখিয়ে রয়েছেন সুরসম্রাটের লাইভ পারফরম্যান্স উপভোগ করতে।

