আগরতলা, ৭ আগস্ট: আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ্রামগঞ্জে বাস গাড়ির উপর যে অতর্কিত হামলা চালানো হয়েছে, সেই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনে নামবে বিএমএস এর শাখা সংগঠনগুলি। বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ থানায় এবং বিশ্রামগঞ্জ এসপির নিকট ডেপুটেশন দিয়ে এমনটাই জানিয়েছেন ভারতীয় মজদুর সংঘের সিপাহিজলা ত্রিপুরা বাস জীপ চালক সংঘ।
এবিষয়ে সিপাহিজলা ত্রিপুরা বাস জীপ চালক সংঘের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার বলেন, গত ৫ আগস্ট মঙ্গলবার এক ঘটনাকে কেন্দ্র করে বিনা দোষে বাস গাড়ির
উপরে হামলা চালিয়েছে কতিপয় দুষ্কৃতি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস চালক এবং মালিক উভয়েই। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তাই ন্যায্য বিচারের দাবিতে বৃহস্পতিবার শিবাজীতলা থানার পুলিশ এবং এসপির নিকট ডেপুটেশন প্রদান করেছেন বিএমএস এর নেতৃত্বে চারটি সংগঠন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করার দাবিতে এদিনের ডেপুটেশন প্রদান করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে ন্যায়বিচার না পেলে আরো বৃহত্তর আন্দোলনে সংঘটিত হবেন বলে জানিয়েছেন তারা। সিপাহীজলা এসপি তাদের আশ্বাস প্রদান করেছেন দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

