নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। ইডি-র তলবকে চ্যালেঞ্জ করে অভিষেকদের করা আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার অভিষেক এবং রুজিরাকে দিল্লিতে তলব করে ইডি। তদন্তকারীদের দাবি ছিল, কলকাতায় তাঁদের জিজ্ঞাসাবাদ করলে নিরাপত্তার সমস্যা হতে পারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই তলবে সাড়া না দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
অভিষেক দাবি করেন, বার বার তদন্তের নামে দিল্লিতে ডেকে তাঁকে এবং তাঁর পরিবারকে ‘হেনস্তা’ করছে ইডি।



















