গাঁজা পাচারকালে আটক চার যুবক, ৩০ কেজি গাঁজা উদ্ধার 

আগরতলা, ১৩ মে: গাঁজা পাচারকালে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক চার যুবক। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৩০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে জানিয়েছোন তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ।

তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন, রানী কমলাবতী এক্সপ্রেসে করে বহি:রাজ্যে পাচারের উদ্দেশ্যে একটি অটোতে করে রবিবার রাতে তেলিয়ামুড়া রেল স্টেশনে এসেছিলেন চার যুবক। তখন সন্দেহমূলকভাবে পুলিশ অটোটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে চার ব্যক্তির ব্যাগ থেকে ৩০ কেজি শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন, রাহুল দাস, গোপেশ দেবনাথ, রাজু দাস, শান্তু দাস। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আগামী দিনেও এ ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে।