উত্তর প্রদেশের বদায়ুতে গাড়ির সঙ্গে টেম্পোর সংঘর্ষে মৃত ১ মহিলা, আহত ৭

বাদাউন, ১৩ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের বদায়ুতে গাড়ির সঙ্গে টেম্পোর সংঘর্ষে ১ মহিলার মৃত্যু হয়েছে এবং ৭ জন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, উত্তর প্রদেশের আলাপুর থানা এলাকার কাকরালার কাছে। সেখানে একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে টেম্পোর সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ আহতদের জেলা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনার পর চালক গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার ভোর ৫টার দিকে আরাধনা নামক এক মহিলা তাঁর সন্তান ও কয়েকজন আত্মীয়কে নিয়ে একটি টেম্পোতে করে বদায়ুতে আসছিলেন। আলাপুর থানা এলাকার কাকরালা শহরের কাছে একটি দ্রুতগামী গাড়ি টেম্পোটিকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরাধনার মৃত্যু হয়। আহতরা হলেন, রিয়াংশ, রিশান্ত, আয়ানশ, প্রজ্ঞা, কবিতা, রাকেশ ও বিনয়। আহত সবাইকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। বিনয় ছাড়া চিকিৎসকরা অন্য সকল আহতদের বরেলিতে রেফার করেছেন। পুলিশ আরাধনার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।