কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লিমুখী হাজার হাজার কৃষকদের আটকাতে ড্রোন থেকে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। হরিয়ানার সীমান্তে কৃষকদের আটকাতে হয়েছে ধস্তাধস্তিও। মঙ্গলবার সেই ঘটনার ‘তীব্র নিন্দা’ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক্স হ্যান্ডলে একটি দীর্ঘ টুইট করে তিনি লিখেছেন, ‘‘দেশের কৃষকদেরই যদি কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হয়, তবে দেশ এগোবে কী করে!’’ কেন্দ্রের সমালোচনা করে মমতা প্রশ্ন তুলেছেন, এই কি তবে ‘বিকশিত ভারত’-এর নমুনা?
কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ করে মমতা লিখেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার যে কৃষক এবং শ্রমিকদের যথাযথ সাহায্য করতে পারেনি তার প্রমাণ এই ঘটনা। কৃষকদের তাঁদের মৌলিক অধিকারের কথা বলতে চাওয়ার জন্য আক্রান্ত হতে হচ্ছে। আমি কৃষকদের উপর এই আক্রমণের ঘটনার ‘তীব্র নিন্দা’ করছি।’’
ফসলের ন্যায্য সহায়ক মূল্যের আইনি নিরাপত্তা, কৃষিঋণ মকুব-সহ একাধিক দাবি নিয়ে দিল্লি যাত্রার ডাক দিয়েছেন পঞ্জাব, হরিয়ানার হাজার হাজার কৃষক। মঙ্গলবার সেই অভিযানকেই হরিয়ানার সীমান্তে রুখে দেয় পুলিশ। রাজধানীর দিকে আসতেই কৃষকদের লক্ষ্য করে ধেয়ে আসে কাঁদানে গ্যাসের শেল৷
মঙ্গলবার কৃষক সংগঠনগুলি তাদের দাবিদাওয়া নিয়ে ‘দিল্লি চলো’ মিছিল করার হুঁশিয়ারি দিয়েছিল৷ আর এই মিছিল রুখতে পুলিশ প্রশাসনও সবদিক দিয়ে ব্যবস্থা নেয়। পঞ্জাব থেকে পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানায় মিছিল পৌঁছতেই কৃষদের লক্ষ্য করে টিয়ার গ্যাস শেল ছুড়তে থাকে পুলিশ ৷ এমনকী ড্রোনেও টিয়ার গ্যাস শেল ছোড়া হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনারই নিন্দা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। তিনি লিখেছেন, কৃষকদের আন্দোলনকে গায়ের জোরে দাবিয়ে দেওয়ার বদলে বিজেপির উচিত নিজেদের মাত্রাছাড়া আত্মসম্মানবোধকে কিছুটা কমানো।

